দিল্লি : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দিন দিন গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। যুদ্ধ থামার পরিবর্তে আরও বাড়ছে উত্তেজনা। পশ্চিম এশিয়ায় শান্তিচুক্তির আশায় যখন প্রহর গুনছে বিশ্ব, তখন সব ভেস্তে দিয়ে ফের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ইরান ও ইজরায়েল। ইজরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। এই পরিস্থিতিতে সেই দেশে অবস্থিত সমস্ত ভারতীয়র জন্য বিশেষ বার্তা ও ভ্রমণ অ্যাডভাইসারি জারি করল নয়া দিল্লি। 

Continues below advertisement

রবিবার, ইজরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করে বলেছে যে, এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এক বিবৃতি প্রকাশ করে বিদেশ মন্ত্রক (এমইএ) জানিয়েছে, ভারত সাম্প্রতিক হামলায় 'গভীরভাবে দুঃখিত' এবং এই ঘটনাকে আন্তর্জাতিক ক্ষেত্রে 'অত্যন্ত উদ্বেগের' বিষয় বলে বর্ণনা করেছে।

সেই বিবৃতিতে বলা হয়েছে, "এই সংঘাত এখন ১০০ দিনেরও বেশি সময় ধরে চলছে এবং এর ফলে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতি ও মানবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপরও মারাত্মক প্রভাব ফেলেছে।"

ভারত সব পক্ষকেই অবিলম্বে এই উত্তেজনা কমাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং একটি কূটনৈতিক সমাধান করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রক আরও বলেছে, "আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমাতে অনুরোধ করছি, নাগরিকদের ক্ষতি রোধ করতে একটি কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা সমাপ্ত করার আহ্বান জানাই, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।"

এই পরিস্থিতিতে, ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য চরম সতর্কতা অবলম্বন ও সজাগ থাকার অনুরোধ জানিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। দূতাবাস জানায় - 

১. ভারতীয় নাগরিকদের জারি করা নিরাপত্তা নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলতে হবে এবং  নির্ধারিত আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে এবং নিকটতম সুরক্ষিত স্থানগুলোর পাশাপাশি থাকতে জানান হয়েছে। ২. ভারতীয় নাগরিকদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজরায়েলের শহরে ভ্রমণ এড়িয়ে চলতে হবে।  ৩. নিয়মিত স্থানীয় সংবাদ, সরকারি ঘোষণা ও জরুরি সতর্কতা পর্যবেক্ষণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।৪. কোনও ইমার্জেন্সি হলে +৯৭২ ৫৪ ৭৫২০৭১১, +৯৭২ ৫৪ ২৪২৮৩৭৮ এই নম্বরে যোগাযোগ করতে হবে। 

এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, ভারতীয় দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার জন্য পূর্বের নির্দেশিকাটা পুনরায় উল্লেখ করছে। বর্তমানে ইরানে অবস্থিত ভারতীয় নাগরিকদেরও নির্দেশ মেনে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।