Noida News: পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তার পিছনে ধাওয়া করে পেট্রোল পাম্পের কর্মীরা। আর তখনই ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দেখা যায়, হাইওয়ের উপর দিয়ে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ছেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে একটি মোটরবাইককে। সেই বাইকে আগুনও ধরে গিয়েছিল। বেশ কয়েক কিলোমিটার ওই অবস্থাতেই বাইকটিকে টেনে নিয়ে যায় একটি থর গাড়ি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ঘটেছে ভয়ঙ্কর কাণ্ড। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ধুম মানিকপুরা এলাকার একটি পেট্রোল পাম্পে ঘটেছে এই কান্ড। অভিযুক্ত চালকের নাম জানা গিয়েছে হর্ষ। বয়স ২২ বছর। সিকান্দারবাদের বাসিন্দা এই যুবক। একটি কালো থর গাড়িতে ডিজেল ভরার জন্য ওই পাম্পে গিয়েছিলেন তিনি। টাকা দেওয়ার সময় যুবক দাবি করেন অনলাইনে পেমেন্ট করবেন। তারপর টাকা দেওয়ার আগেই পাম্প ছেড়ে পালান ওই যুবক। পেট্রোল পাম্পের কর্মী কুলদীপ শর্মা একটি বাইকে করে ধাওয়া করে গাড়ির পিছনে। প্রথমে জিটি রোড এবং তারপর ৯১ নম্বর জাতীয় সড়ক দিয়ে থর গাড়িটিকে ধাওয়া করতে থাকেন পাম্পের কর্মী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, থর গাড়িটিকে ধাওয়া করার সময় কুলদীপ শর্মার বাইকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। এই অবস্থাতেও গাড়ির গতি একচুলও কমাননি হর্ষ। ফলে বাইকটি একপ্রকার রাস্তায় ঘষে গিয়ে গাড়ির সামনে চলে যায়। সেই অবস্থায় ওই এসইউভিটি বাইকটি টেনে-হিঁচড়ে, কার্যত জাতীয় সড়কের উপর দিয়ে ছেঁচড়ে প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার টেনে নিয়ে যায়।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সমস্ত ঘটনা। ফুটেজে দেখা গিয়েছে, বাইকটি ওভাবে গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ছেঁচড়ে বেশ কিছুটা যাওয়ার ফলে আগুন ধরে যায় বাইকটিতে। পুরো ঘটনা জানার পর অভিযুক্তর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। লুহারলি টোল প্লাজার কাছে হদিশ মেলে ওই কালো রঙের থর এসইউভি গাড়িটির। হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত চালক হর্ষকে। পরীক্ষা নিরীক্ষা করার জন্য গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে গাড়ির সঙ্গে ওভাবে বাইকের সংঘর্ষ এবং তারপর তা গাড়ির সঙ্গেই অতদূর ছেঁচড়ে যাওয়ায় ভালই চোট পেয়েছেন বাইকের আরোহী কুলদীপ শর্মা। অভিযুক্ত হর্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
