শিবাশিস মৌলিক , কলকাতা : ভোটের দামামা বাজতেই ময়দানে প্রার্থীরা। জোর কদমে চলছে ভোট প্রচার। কিন্তু এখনও বহু জেলায় প্রার্থী তালিকা নিয়ে অশান্তি অব্যাহত। তৃণমূলের পাশাপাশি বিজেপিতেও দেখা যাচ্ছে একই চিত্র। আর এর মাঝে আগামীকাল, অর্থাৎ সোমবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আগামী মঙ্গলবার রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

Continues below advertisement

বঙ্গের ভোট আবহের মধ্যে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। নিউটাউনের হোটেলে মঙ্গলবার কোর কমিটির বৈঠকে থাকবেন তিনি। জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি তৃতীয় তালিকা প্রকাশ, প্রচার কৌশল ও ইস্তেহার নিয়েও আলোচনা হতে পারে। 

সূত্রের খবর, ২৬ মার্চ বঙ্গে ফের আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দক্ষিণবঙ্গে সভা করবেন তিনি। তারপর আসানসোলে বা নদিয়াতে সভা করবেন নরেন্দ্র মোদি। তবে, আগামীকাল নিতিন নবীন আসার পর বিজেপির ভোট প্রচার যে আরও বড় মাত্রা নেবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ জানা যাচ্ছে, মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে প্রচার নিয়ে এক রণকৌশল তৈরি করবেন তিনি। অমিত শাহ, নিতিন নবীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথকে নিয়ে যে প্রচার হবে, অর্থাৎ কোন প্রার্থীর জন্য নরেন্দ্র মোদিকে দেওয়া হবে, কোন প্রার্থীর জন্য অমিত শাহকে দেওয়া হবে, তা নিয়ে ভাবনাচিন্তা হতে পারে। পাশাপাশি, রোড-শো ও জনসভার কথা ভাবনা চিন্তা করা হবে বলে এমনটা খবর। 

Continues below advertisement

বিজেপি সূত্রে খবর, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। ৮টি রোড শো ও জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ৬টি জনসভা করবেন জেপি নাড্ডা ও ১০ টি রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে, রাজ্য়জুড়ে প্রচার শুরু করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

উল্লেখ্য, এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। তৃণমূল ২৯১ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখনও কিছু কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা বাকি সিপিএম-এর।