নয়াদিল্লি: SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। কাঠগড়ায় নির্বাচন কমিশনের ভূমিকা। SIR বাতিলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সেই আবহেই SIR চালাতে কোন সফ্টওয়্যার ব্যবহার করা হয়েছে, তা জানতে চেয়ে আবেদন জমা পড়েছিল তথ্য জানার অধিকার আইনে। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে ‘কমার্শিয়াল কনফিডেন্স, ট্রেড সিক্রেট, ইনটেলেকচুয়াল প্রপার্টি’ RTI-এর আওতায় পড়ে না। (SIR Software RTI Reply)
তেলঙ্গানার করিমনগরের সমাজকর্মী এমএ মুজিব আয়ুব RTI আবেদনের মাধ্যমে SIR-এ ব্যবহৃত সফ্টওয়্যারের তথ্য জানতে চান। সফ্টওয়্যারের নাম, ভার্সনের পাশাপাশি, ভুল-ত্রুটি ধরা এবং নামবাদ দেওয়ার ব্যবহৃত অ্যাপ্লিকেশন অথবা AI প্ল্যাটফর্মের তথ্য চান আয়ুব। কোন প্রক্রিয়ায় এই কাজ হয়, কোনও রকম স্বয়ংক্রিয় টুল ব্যবহৃত হয়েছে কি না, প্রকৃত ভোটারদের সুরক্ষায় কী ব্যবস্থা রয়েছে, তাও জানতে চান তিনি। (SIR Row)
কিন্তু অক্টোবর যে জবাব আসে তাঁর কাছে, তাতে নির্বাচন কমিশন RTI আইনের অনুচ্ছেদ ৮(১) (ডি)-র কথা তুলে ধরে। জানায়, ওই আইন অনুযায়ী বাণিজ্যিক আস্থা, ব্য়বসায়িক গোপনীয়তা এবং মেধাসম্পদ সংক্রান্ত তথ্য RTI-এর আওতায় পড়ে না। অর্থাৎ ওই সব তথ্য দিতে বাধ্য নয় কমিশন। এতে প্রতিযোগিতার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
অটোমেটিক ফ্ল্যাগিং, AI, মেশিন লার্নিং-এর প্রসঙ্গে কমিশন জানায়, যে তথ্য চেয়েছেন আয়ুব, তা আসলে ব্য়াখ্যা। RTI আইনের অনুচ্ছেদ ২(এফ)-এর আওতায় সেটি তথ্য বলে গণ্য হয় না।
SIR চলাকালীন অসঙ্গতি ধরা পড়লে, সেগুলি পর্যালোচনা করা হয় কী ভাবে, তাও জানতে চেয়েছিলেন আয়ুব। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন ৮(১) (জি) অনুচ্ছেদের উল্লেখ করে জানায়, কাউকে ঝুঁকির মুখে ফেলতে পারে, তথ্য়ের উৎস বেরিয়ে যেতে পারে এমন তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। জন প্রতিনিধিত্ব আউনের ১৩ বি (১) এবং ১৩ বি (২) অনুচ্ছেদের উল্লেখ করে কমিশন জানায়, ভোটার তালিকা প্রস্তুত এবং সংশোধনের দায়িত্ব ERO-দের।
নির্বাচন কমিশনের এহেন জবাবে মুখ খুলেছেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়ত। তাঁর মতে, এটি একটি আইনি বিষয়। নির্বাচন কমিশন বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে। উত্তরগুলি পেতে উপযুক্ত জায়গায় আবেদন জানানো দরকার।
SIR নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ভূরি ভূরি অনিয়মের অভিযোগ সামেন এসেছে যেমন, তেমনই ভোটচুরির অভিযোগও উঠছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন অন্য দুই নির্বাচন কমিশনার। বেশ কিছু ক্ষেত্রে ‘বেআইনি’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ এবং গোয়ায় ‘অন্যায়’ কাজ হয়েছে বলে ১০ মাসে প্রধানমন্ত্রীর দফতরকে ১৪টি চিঠিও লেখেন তাঁরা। সেই নিয়ে উত্তাল গোটা দেশ। সেই থেকে এখনও পর্যন্ত জ্ঞানেশ কুমারকে জনসমক্ষে দেখা যায়নি।
