নাসিক: সরকারি হাসপাতালে ভয়ঙ্কর দুর্ঘটনা। লিফটের নীচে মাথা ঢুকে গেল মহিলা কর্মীর। কোনও রকমে তাঁকে উদ্ধার করা হলেও, প্রাণে বাঁচানো গেল না। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে শিউড়ে উঠছেন সকলে। (Nashik Lift Accident)
মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। সেখানকার ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল হসপিটাল, কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মহিলার নাম জ্যোতি শিবাজি আহিরে। বয়স হয়েছিল ৫০ বছর। হাসপাতালে ঠিকাকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২৭ এপ্রিল ওই দুর্ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ওই মহিলা মারা গিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। (Woman's Head Stuck in Lift)
হাসপাতাল সূত্রে খবর, মালপত্র তোলার যে লিফট, তার নীচেই মাথা আটকে যায় জ্যোতির। সার্জিক্যাল বিভাগে কাজ করছিলেন তিনি। সার্জিক্যাল সরঞ্জাম তোলা এবং নামানোর কাজেই ব্য়বহৃত হতো ওই লিফট। লিফটি কোথায় রয়েছে দেখতে ঝুঁকে পড়েছিলেন তিনি। সেই সময়ই উপর থেকে নেমে আসা ওই লিফটে মাথা আটকে যায় জ্যোতির।
কিন্তু কী করে এমন ঘটনা ঘটল? ৩ মিনিট ৩৬ সেকেন্ডের যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ফাঁকা জায়গায় ঝুঁকে পড়ে কিছু দেখার চেষ্টা করছেন জ্যোতি। সেই সময় হঠাৎই উপর থেকে আসে নেমে আসে লিফটটি। জ্যোতির মাথার উপর সটান নেমে আসে এবং থেমে যায়। লিফটের নীচে মাথা আটকে ছটফট করতে শুরু করেন জ্যোতি।
হাসপাতালের এক কর্মী প্রথমে জ্যোতিকে ওই অবস্থায় দেখতে পান। ছুটে গিয়ে বাকিদের ডেকে আনেন তিনি। এর পর অনেকে মিলে জ্যোতিকে বের করার চেষ্টা করেন। লিফটটিকে উপরে তোলার চেষ্টা করতেও দেখা যায় কয়েক জনকে। বেশ কিছু ক্ষণ ওই অবস্থায় আটকে ছিলেন জ্যোতি। পরে উদ্ধার করে হাসপাতালের ICU-তে ভর্তি করা হয় তাঁকে। শেষ পর্যন্ত মারা যান সেখানেই। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
