নয়াদিল্লি: দুরন্ত গতিতে ছুটে এসে স্কুল বাসে ধাক্কা মারল ট্রেন। সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল বেলজিয়ামে। পড়ুয়া-সহ অনেকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ঠিক কত প্রাণহানি ঘটেছে, এখনও পর্যন্ত তা নির্দিষ্ট ভাবে খোলসা করা হয়নি। এখনও উদ্ধারকার্য চলছে বলে খবর। (Train Accident News)

Continues below advertisement

বেলজিয়ামের উত্তরের বিগেনহাউতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। স্কুল পড়ুয়াদের নিয়ে রেললাইন পেরোচ্ছিল একটি মিনিবাস। সেই সময় দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা মারে একটি ট্রেন। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে মিনিবাসটি। একেবারে দুমড়েমুচড়ে যায়। (Train Hits School Bus)

ঘটনাস্থলেই দুই স্কুল পড়ুয়া এবং দুই প্রাপ্তবয়স্কের মৃত্য়ু হয়। ঘটনার সময় বাসে সাত জন স্কুল পড়ুয়া ছিল। চালক এবং এক সঙ্গীও ছিলেন। তবে ঠিক কত জন মারা গিয়েছেন, এখনও পরিষ্কার নয়। ট্রেনের কোনও যাত্রী মারা গিয়েছেন বলে খবর নেই। তবে এক যাত্রী মানসিক ভাবে এতটাই আঘাত পান যে, তাঁর চিকিৎসা শুরু হয়েছে। 

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, স্পেশাল এডুকেশন স্কুলে যাচ্ছিল মিনিবাসটি। পুলিশের তরফে নির্দিষ্ট ভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও, ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মুখপাত্র ফ্রেডরিক সাক্রে। তিনি জানিয়েছেন, এক কিলোমিটার দূরের স্টেশনে দাঁড়ানোর কথা ছিল ট্রেনটির। তার আগে মিনিবাসটিতে ধাক্কা মারে।

কিন্তু ট্রেন ছুটে আসার সময় মিনিবাসটি রেল ক্রসিং পার হচ্ছিল কী করে? সিগনালে কি কোনও ত্রুটি ছিল? দুর্ঘটনার পর এমন হাজারো প্রশ্ন উঠে আসছে। সেই নিয়ে বিশদে কিছু না জানানো হলেও, স্থানীয় প্রশাসনের তরফে এই দুর্ঘটনাকে ‘গুরুতর ট্রাফিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। বেলজিয়ামের বিচার বিভাগের মন্ত্রী আনেলিস ভার্লিন্দেন জানান, এই ঘটনা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। 

এখনও রেললাইন থেকে কিছুটা দূরে উল্টে পড়ে রয়েছে স্কুলবাসটি। সেখানে তাঁবু খাটানো হয়েছে। এসে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম। ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা নেমে এসেছেন। ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী। উদ্ধারকার্য চলছে এখনও। তা সম্পন্ন হলেই হতাহতের পরিসংখ্যান তুলে ধরা হতে পারে বলে জানা যাচ্ছে।