Viral Video: মোবাইল ফোনের বিস্ফোরণ হলে তা ঠিক কতটা বিপজ্জনক হতে পারে, সম্প্রতি তারই একটি নিদর্শন পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। একটি মোবাইলের দোকানের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এক তরুণের মুখের মধ্যে আচমকাই বিস্ফোরণ হয়েছে মোবাইলের। জানা গিয়েছে, গুরুতর ভাবে জখম হয়েছেন ওই যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মুখের কাছে ফোন ধরে রেখেছিলেন তিনি। আচমকাই ফেটে গিয়েছে ওই ফোনের ব্যাটারি। মোবাইলের দোকানের সার্ভিস কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন যুবক। সেই সময়েই ঘটেছে এই দুর্ঘটনা।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ফোনটি মুখে ধরে রেখেছিলেন যুবক। অনুমান, দাঁতের চাপ পড়েছিল ফোনের ব্যাটারির মধ্যে। তার জেরেই সম্ভবত ঘটেছে বিস্ফোরণ। ছেলেটির মুখের ভিতরে ফেটে গিয়েছে ফোনের ব্যাটারি। এই বিস্ফোরণের জেরে মুখে সাংঘাতিক চোট পেয়েছেন যুবক। তাঁর ঠোঁটে গুরুতর চোট লেগেছে। পুড়ে গিয়েছে অনেকটা অংশ। ওই মোবাইলের দোকানের লোকেরা দ্রুত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। মনে করা হচ্ছে, যুবক ফোনটি দঁত দিয়ে চেপে মুখে ধরে রাখার ফলে তখনই থার্মাল রানওয়ের মতো দ্রুত কেমিক্যাল রিঅ্যাকশন হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয় ওই ফোনে।
এই ঘটনা কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। যুবকের নাম, পরিচয়ও জানা যায়নি। এখন তিনি কেমন রয়েছে সেই ব্যাপারেও বিশেষ কিছু জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। বিস্ফোরণের পর মোবাইল ফোন কতটা শক্তিশালী হতে পারে তা অনেকটাই আন্দাজ করা গিয়েছে এই ভাইরাল ভিডিও দেখে। মুখে মোবাইল ফোন দাঁত দিয়ে কামড়ে ধরে রাখলে যা প্রাণ সংশয়ও হতে পারে, তা স্পষ্টই বোঝা গিয়েছে এই ভাইরাল ভিডিও দেখে। অতএব আপনার যদি এই জাতীয় কোনও অভ্যাস থাকে, তাহলে অবিলম্বে তা ত্যাগ করুন। নাহলে যেকোনও সময়ে ঘটে যেতে পারে সাংঘাতিক কাণ্ড।