Belur Math: কনকাঞ্জলি দিয়ে উমাকে বিদায়, বেলুড় মঠে আরতি শেষে প্রতিমা নিরঞ্জন, বিসর্জনের বাজনায় বিষাদের সুর

হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা
আজ বিদায়ের বিজয়া দশমী। আজ ভোরবেলা রীতি মেনে বেলুড় মঠে রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি হয়। তারপর হয় দশমীর পুজো।
নিয়ম মেনে দর্পণ বিসর্জন এবং বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে শেষ হয় দশমীর পুজো। এরপর শুরু হয় প্রতিমা বরণ।
সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হয় নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ চলে।
ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। রীতি মেনে মেয়ে বিদায়ের সময় কনকাঞ্জলিও দেওয়া হয়।
শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে ঘরের মেয়েকে বিদায় দেন।
সন্ধ্যায় রামকৃষ্ণ দেবের মন্দিরে আরতির পর রীতি মেনে মায়ের ঘাটে হয় প্রতিমা নিরঞ্জন।
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা।