IIT Madras: বিশেষ কোর্স IIT মাদ্রাজের, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ, শিখতে পারবেন ডেটা সায়েন্স, AI, এ্যারোস্পেস এবং আরও অনেক কিছু

স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ কোর্স IIT মাদ্রাজের।
পছন্দের কেরিয়ার বেছে নিতে উচ্চমাধ্যমিকের রেজাল্টের অপেক্ষা করতে হয়। কিন্তু এবার ব্যতিক্রমী পদক্ষেপ করল IIT মাদ্রাজ। উচ্চমাধ্যমিকের ফলাফল পর্যন্ত অপেক্ষা না করে, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এস তারা।
IIT মাদ্রাজের ‘স্কুল কানেক্ট প্রোগ্রামে’র আওতায় ২০২৬ সালের অক্টোবর মাসের ব্যাচের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।
IIT মাদ্রাজের ‘স্কুল কানেক্ট প্রোগ্রামে’র আওতায় পড়ুয়ারা নিজেদের আগ্রহ, দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন। পাশাপাশি, ভবিষ্যতের সম্ভাব্য পেশা নিয়েও মনস্থির করার উপায়ও পাবেন তাঁরা।
IIT মাদ্রাজ জানিয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কোর্স শুরু হবে ৫ অক্টোবর থেকে। এখনও পর্যন্ত ৪৯০০-র বেশি স্কুল এবং ১ লক্ষ ৭৫ হাজার পড়ুয়া ওই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন।
সেন্টার ফর আউটরিচ অ্যান্ড ডিজিটাল এডুকেশন (CODE) প্রকল্পের আওতায় এই ‘স্কুল কানেক্ট প্রোগ্রামে’র সূচনা করেছে IIT মাদ্রাজ। স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষার মধ্যে সেতুবন্ধনই এই প্রকল্পের লক্ষ্য।
IIT মাদ্রাজ জানিয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বিষয় বেছে নেওয়া হবে, আগামী দিনে কোন পেশায় যাওয়ার আগ্রহ রয়েছে, তা বুঝতে এই প্রকল্প সাহায্য় করবে পড়ুয়াদের। সব কিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা।
অক্টোবর থেকে শুরু হতে চলা ওই কোর্সে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (Data Science &AI), এ্যারোস্পেস, সাইবার সিকিওরিটি, ইকনমিকস অ্যান্ড ফাইনান্স, ল, ডিজাইন, হিউম্যানিটিজ়, গেম টেকনোলজি এবং আরও একাধিক বিষয় থাকছে।
IIT মাদ্রাজের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘IIT মাদ্রাজের ফ্যাকাল্টির কাছ থেকে শিখুন। আট সপ্তাহের অনলাইন শিক্ষার অভিজ্ঞতা সঞ্চয় করুন, যাতে লেকচার, লাইভ সেশন, অ্যাসাইনমেন্ট এবং অ্যাসেসমেন্টের সুযোগ থাকবে’।
পড়ুয়াদের ‘ইনফর্মড চয়েসে’র সুযোগ দিতেই এই প্রকল্প বলে জানিয়েছে IIT মাদ্রাজ। অর্থাৎ চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে না। নিজের কোন বিষয়ে আগ্রহ রয়েছে, কোন বিষয় ভাল লাগে, তার নিরিখে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা।
IIT মাদ্রাজ জানিয়েছে, কোর্সে সফল হওয়া পড়ুয়াদের CODE সার্টিফিকেট দেওয়া হবে। ওই ডিজিটাল সার্টিফিকেট আগামীর পথে এগিয়ে যেতে সাহায্য় করবে তাঁদের।