রায়পুর: গত ম্যাচে চোট পেয়ে ওভার শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন। তারপরেই তাঁকে ঘিরে উদ্বেগ শুরু হয়েছিল। সেই উদ্বেগ বাড়িয়ে রায়পুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs NZ 2nd T20I) ম্যাচে খেলতেই নামলেন না তারকা অলরাউন্ডার অক্ষর পটেল (Axar Patel)।
টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ( Suryakumar Yadav) জানান গত ম্য়াচে পাওয়া চোটের জন্যই অক্ষর এই ম্যাচে খেলতে পারছেন না। তিনি বলেন, 'গত ম্যাচে অক্ষর আঘাত পেয়েছিল, সেই কারণে এই ম্যাচে ও খেলতে পারছে না।' সামনেই আর কয়েকদিনে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের এই চোট কিন্তু নিঃসন্দেহেই ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে।
কিন্তু ঠিক কী হয়েছে অক্ষরের? কীভাবে চোট পান তিনি? নাগপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তারকা অলরাউন্ডার কিউয়িদের ব্যাটিং ইনিংসে নিজের চতুর্থ ওভার বল করছিলেন। সেই চতুর্থ ওভারের তৃতীয় বলে ড্যারেল মিচেল সজোরে একটি স্ট্রেট ডাইভ মারেন। শট বাঁচাতে গিয়ে হাত বাড়ালে বলের গতি এতই ছিল যে তা অক্ষরের হাতে লেগেও বাউন্ডারিতে চলে যায়।
হাতে বলের আঘাত পাওয়ার পরেই অক্ষরের আঙুল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। অক্ষর তড়িঘড়ি মাঠ ছাড়েন, ওভার আর শেষ করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে অভিষেক শর্মা ওভার শেষ করেন। অক্ষর দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর অলরাউন্ড দক্ষতা দলকে ভারসাম্য প্রদান করে। সেখানে এই চোট নিঃসন্দেহেই চাপের।
অক্ষরের চোটের বিষয়ে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি। তিনি আবার আজকের ম্যাচও খেলেননি। তাই স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়ছেই বটে। অবশ্য অক্ষর না খেললেও, রায়পুরে ভারতের ম্যাচ জিততে কিন্তু কোনও সমস্যা হল না। কিউয়িদের সহজেই হারাল টিম ইন্ডিয়া।
দুই ওপেনারই প্রথম দুই ওভারে ফিরে গিয়েছিলেন, ছয় রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সামনে ছিল ২০৯ রানের কড়া চ্যালেঞ্জ। তবে দুই ওপেনার আউট হওয়ার পরে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব যে পার্টনারশিপ গড়লেন, তাতে হেসেখেলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ জিতে নিল টিম ইন্ডিয়া। দুইজনেই অর্ধশতরানের ইনিংস খেললেন। ২৮ বল বাকি থাকতেই সাত উইকেট কিউয়িদের দাপুটে মেজাজে পরাজিত করল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
