মুম্বই: রোহিত শর্মা কি বেশিদিন আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না? লর্ডসের মাঠে শেষ ওয়ান ডে ম্য়াচেই শতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৩৪ তম শতরান হাঁকালেও রোহিতের বয়স, তাঁর ফিটনেস কোথাও কি সমস্যায় ফেলছে তাঁকে? আগামী ওয়ান ডে বিশ্বকাপের আগেই কি জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন হিটম্যান? প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন যে রোহিতের বিকল্প এখনও কেউ নেই দলে। 

Continues below advertisement

সম্প্রতি দূরদর্শনের ক্রিকেট শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো' অনুষ্ঠানে এসে চোপড়া রোহিত শর্মার ভবিষ্যৎ ও ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমার কাছে রোহিতের কোনও বিকল্প নেই দলে। ও যতদিন ফিট থাকবে, যতদিন নিজে উপলব্ধ থাকবে, ততদিন ওরই ওপেনিংয়ে নামা উচিত। আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে অভিজ্ঞতা একটা বড় ফ্য়াক্টর হতে চলেছে। চাপ সামলে পারফর্ম করতে হবে। এমন পরিস্থিতিতে রোহিতের মত ক্রিকেটারের বিকল্প নেই দলে।'

ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত ও গিলের ওপেনিং জুটিই যে আগামী বিশ্বকাপে দলকে ভরসা জোগাবে সে কথা উল্লেখ করে আকাশ আরও বলেন, 'গিল ও রোহিত জুটি দারুণ ছন্দে রয়েছে। ওঁরা ভাল পারফর্ম করছে প্রত্যেক সিরিজেই। এই পরিস্থিতিতে কোনওভাবেই জুটিটা ভাঙা উচিত নয়।'

Continues below advertisement

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্য়াচে রান পাননি রোহিত। এরপরই সমালোচনা শুরু হয়ে গিয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এমন খবরও উড়ে আসছিল যে রোহিত হয়ত লর্ডসেই কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ খেলতে চলেছেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের তরফেই জানিয়ে দেওয়া হয় যে এগুলো সবই ভুয়ো খবর। এরপরই রোহিত তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ১১০ বলে ১৩৮ রানের ঝকঝকে ইনিংসটি খেলেন। কেরিয়ারে প্রথমবার লর্ডসের মাটিতে শতরান হাঁকান হিটম্য়ান। সেই ম্য়াচে অর্ধশতরান হাঁকান বিরাট কোহলিও। যদিও সিরিজ জিততে পারেনি ভারত। কিন্তু দুই অভিজ্ঞ ক্রিকেটাররই কিন্তু ব্যাটে রান পাওয়ায় স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে।