তিরুঅনন্তপুরম: আর সপ্তাহখানেকও বাকি নেই। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে সঞ্জু স্যামসনের (Sanju Samson) রানের অভাব ভারতীয় দলের চিন্তার বড় কারণ। শনিবার, তিরুঅনন্তপুরমে কিউয়িদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি (IND vs NZ 5th T20I) ম্যাচেও রান পেলেন না স্যামসন। উপরন্তু, তাঁকে কিপিংও করতে দেখা যায়নি। তাঁর বদলে ঈশান কিষাণ কিপিং করেন। অনেকেই এই সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছেন। অনেকেরই ধারণা স্যামসন হয়তো বিশ্বকাপে ভারতীয় একাদশ থেকে বাদ পড়তে পারেন।

নিউজ়িল্যান্ড সিরিজ়ে স্যামসন এবং ঈশান কিষাণ (Ishan Kishan), উভয়েই ভারতীয় একাদশে ছিলেন। তবে চোটের কারণে এই সিরিজ় খেলেননি তিলক বর্মা। বিশ্বকাপের আগে অবশ্য তিনি ফিট হয়ে যাবেন। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার দলে ফিরলে তাই ঈশান ও স্যামসন, দুই কিপার-ব্যাটারের একজনই একাদশে খেলবেন বলে অনেকে মনে করছেন। সেখানে কিউয়িদের বিরুদ্ধে স্যামসনের ব্যাটে একদিকে যেখানে রানের খরা, অপরদিকে সেখানে ঈশান দুরন্ত ফর্মে রয়েছেন। তাই অনেকেরই ভোট ঈশানের দিকে।

সিরিজ়ের শেষ ম্যাচে ঈশানের হাতে কিপিং গ্লাভস তুলে দিয়ে কি নিজেদের এই সিদ্ধান্তই জানিয়ে দিল ভারত? কেন স্যামসনের বদলে ঈশান কিপিং করেন, সেই বিষয়ে ম্যাচের পর ব্যাখা দেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি বলেন, 'তিলক তো দলে ছিল না, তাই দুই কিপারই শুরু থেকে খেলছিল। আমরা সিরিজ় শুরুর আগেই ঠিক করেছিলাম যে সঞ্জু তিন ম্যাচে কিপিং করবে এবং ঈশানকে দুই ম্যাচে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে। দুর্ভাগ্যবশত চোটের কারণে ও (ঈশান) গত ম্যাচে খেলতে পারেনি। এই ম্যাচে ওর কিপিং করাটা বহু আগে থেকেই নির্ধারিত ছিল।'

ব্যাটার ঈশান ঘরোয়া ক্রিকেটের দুরন্ত ফর্ম আন্তর্জাতিক মঞ্চেও বজায় রেখেছেন। তিনি সিরিজ়ের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক। ব্যাটার ঈশান প্রসঙ্গে সূর্যর মত, 'আমরা তো ওর দক্ষতা আগে থেকেই জানতাম এবং এই সিরিজ়ের আগে ঘরোয়া ক্রিকেটে সেটা দেখেও ছিলাম। আমরা চেয়েছিলাম ও যাতে নিজের খেলা বল না করে একইভাবে এখানেও খেলে। হ্যাঁ ওখানে ও ওপেন করছিল আর এখানে ও তিনে ব্যাট করছে। আমরা ওকে গেম চেঞ্জার হিসাবে চেয়েছিলাম এবং ও নিজেকে প্রমাণও করেছে। আমি ওর আর অভিষেকের সঙ্গে ব্যাটিং করাটা দারুণ উপভোগ করেছি। ওরা তো প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয় না।' 

''