আমদাবাদ: আর মাত্র দুই রাতের অপেক্ষা। সপ্তাহান্তেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। দুই দলেরই এবারের বিশ্বকাপ সফরটা একেবারে মসৃণ হয়নি। বেশ খানিকটা চড়াই, উতরাই পার করেই তাঁরা ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে দুই দলেই প্রতিভার অভাব নেই। তাই রবিবার এক টানটান ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Continues below advertisement

খেতাবি লড়াইয়ের আগে স্বাভাবিকভাবে প্রতিটি খুঁটিনাটি সব বিষয়ে জানার সমর্থকদের মধ্যে আগ্রহ রয়েইছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব ভারত বনাম নিউজ়িল্যান্ডের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কী বলছে। সেই লড়াইয়ে কারা এগিয়ে? কোন দল রয়েছে পিছিয়ে? 

ভারত এবং নিউজ়িল্যান্ড আইসিসির বিভিন্ন ফর্ম্যাটের টুর্নামেন্টে বছরের পর বছর ধরে একে অপরের মুখোমুখি হয়ে আসছে। খেতাবি ফাইনাল, সেমিফাইনালের মতো বড় বড় ম্যাচেও দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। যদি আইসিসি ইভেন্টে শুধু সাদা বলের ক্রিকেট (টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভার বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি) ধরা হয়, তাহলে দুই দল মোট ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তাতে লড়াইটা একেবারে টানটান কিন্তু। নিউজ়িল্যান্ড এখানে সামান্য এগিয়ে। তারা নয়টি ম্যাচ জিতেছে, আর ভারত আটটি ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে।       

Continues below advertisement

সব ফর্ম্যাট মিলিয়ে আইসিসির নক আউট ম্যাচে এই নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দুই দল। আগের পাঁচ ম্যাচের ফলাফলের নিরিখেও এগিয়ে কিউয়িরাই। আইসিসি টুর্নামেন্টের নক আউটে ভারতীয় দল যেখানে নিউজ়িল্যান্ডকে দুইবার হারিয়েছে, সেখানে ভারতকে তিনবার হারের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। দুই দলের মধ্যেকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান অবশ্য ভিন্ন। সেখানে ভারত বেশ খানিকটা এগিয়ে।        

আন্তর্জাতির ক্রিকেটে বিশ ওভারের ম্যাচে ৩০টি সাক্ষাতে ভারতীয় দল ১৮ বার জিতেছে, আর নিউজ়িল্যান্ড জিতেছে ১১টি ম্যাচ। এক ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তবে যে পরিসংখ্যান মূলত ভারতীয় সমর্থকদের ঘুম উড়াতে পারে, সেটি হল বিশের বিশ্বকাপে এই দুই দলের অতীত ম্যাচগুলির পরিসংখ্যান।টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অপরাজিত নিউজ়িল্যান্ড। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে কিউয়িরা। রবিবার ভারতীয় দল এই পরিসংখ্যান বদলাতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।