আমদাবাদ: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) খেতাবি লড়াইয়ে মাঠে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। দুই শক্তিধর দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় গোটা ক্রিকেটবিশ্ব। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এই মাঠেই আড়াই বছর আগে ২০২৩ সালের নভেম্বরে আরেক বিশ্বকাপের ফাইনালে নেমেছিল ভারতীয় দল। ৫০ ওভারের সেই বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে দুরন্ত ছন্দে সেই ফাইনাল খেলেছিল ভারতীয় দল। তবে ম্যাচশেষে ভারতীয় সমর্থকদের হৃদয়ভঙ্গই হয়। ভারতকে হারিয়ে সেই রাতে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ফের একবার সেই মাঠেই আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা।
২০২৬-এ যাতে ২০২৩ সালের পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয় সুনিশ্চিত করতে তৎপর সূর্যবাহিনী। খেলোয়াড়রা তো বটেই, ভারতীয় দলের সমর্থকরাও কিন্তু প্রিয় দল যাতে ম্যাচ জেতে, তার জন্য প্রচেষ্টার খামতি রাখছেন না। সোশ্যাল মিডিয়ায় এরই মাঝে ভাইরাল হয়েছে 'ডিটিজাল আরতি'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে ভারতীয় ক্রিকেটারদের ডিটিজালি আরতি করতে দেখা যাচ্ছে।
তবে শুধু ডিজিটাল আরতি নয়, জায়গায়, জায়গায় আজ সমর্থকরা টিম ইন্ডিয়ার জয়ের জন্য যজ্ঞ, পুজোপাঠও করছেন। সেই না না ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসেও আসছে। এবার দেখার যে ভারতীয় দল ২০২৩-র দুঃস্বপ্নের রাত পিছনে ফেলে ২০২৬ সালে খেতাব নিজেদের ঘরে তুলতে পারে কি না।
তবে ইতিহাস কিন্তু খুব একটা ভাল ইঙ্গিত দিচ্ছে না। আজকের ম্যাচের আগে এক পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের খানিক চিন্তা বাড়াচ্ছে বটে। ভারতীয় দল আজ পর্যন্ত রবিবারে কোনও বিশ্বকাপ ট্রফি জেতেনি। শনিবার ভারতীয় দলের জন্য বরং আনন্দের হয়েছে। শনিবারই ভারতীয় দল ১৯৮৩ সালের বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ, এমনকী গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সোমবার। কেবল ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই রবিবার জিতেছে টিম ইন্ডিয়া।
এক রবিবারই কিন্তু ভারত ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালে এই মাঠেই পরাজিত হয়েছিল। তাই এই পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের উদ্বেগ খানিকটা যে বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।
