আমদাবাদ: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে ম্য়াচে ভারত হেরেছে। ম্য়াচে ব্যাট হাতে ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হন। একটি ছক্কার বেশি হাঁকাতে পারেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। কিন্তু বঢোদরার অলরাউন্ডার আউট হতেই ভিআইপি বক্সে থাকা তাঁর বান্ধবী মাহিকা শর্মা হাততালি দেন। যা দেখার পরই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হতে হচ্ছে তরুণীকে। 

রবিবারের ম্য়াচে কঠিন সময়ে বড় শট খেলতে গিয়ে ফেরেন হার্দিক। আর তিনি আউট হতেই মাহিকা যেভাবে হাততালি দিচ্ছিলেন, তা দেখেই ক্ষেপে গিয়েছেন সমর্থকরা। অনেকেই সোশ্য়াল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে আদৌ মাহিকা হয়ত ক্রিকেটই বোঝেন না। উল্লেখ্য, ভারতীয় ব্যাটিংয়ের ১৫ তম ওভারের প্রথম বলে কেশব মহারাজের শিকার হন হার্দিক। তিনি আউটসাইড অফের দিকে খেলতে গিয়ে ক্যাচ তুলে বসেন। সোশ্য়াল মিডিয়ায় একজন লিখেছিলেন, ''মাহিকা ক্রিকেট বোঝেন না। আগেও হার্দিক আউট হওয়ার সময়ে মাহিকা হাততালি দিয়েছিল।'' কেউ আবার হার্দিককে পরামর্শ দিয়েছেন যে ক্রিকেট সম্পর্কে মাহিকাকে বোঝাতে। ভারতের বিরুদ্ধে কেউ আউট হলে যেন মাহিকা এভাবে হাততালি না দেন।

বুমরাকে ব্যবহার করা প্রসঙ্গে সূর্যকুমার যাদবকে খোঁচা দিলেন মহম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বয়ানে কাইফ বলেছেন, ''আমরা ম্য়াচটি হেরে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ৭ থেকে ১৫ ওভারের মধ্যে। ক্যাপ্টেন সূর্যকুমার বুমরার প্রথম দুটো ওভার দ্রুত ব্যবহার করে দিয়েছিল। এরপর বাকি দুটো ওভার ডেথ ওভারের জন্য রেখে দিয়েছিল। তবে রোহিত থাকলে কিন্তু এভাবে ব্যবহার করত না ওকে। বুমরাকে প্রথমে একটি ওভার বল দেওয়া উচিৎ ছিল। ওর বোলিং ওভারের দুটো স্পেলের মধ্যে অনেকটাই ব্যবধান ছিল। যা করাটা উচিৎ হয়নি। বুমরা ছাড়া আর কোনও বড় ম্য়াচ উইনার এই দলে নেই। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ওকে আক্রমণে নিয়ে এসে পার্টনারশিপটা ভাঙা উচিৎ ছিল।''

এদিকে, জিম্বাবোয়ে ম্য়াচের আগে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু সিংহ। পারিবারিক কোনও কারণেই বাড়ি ফিরতে হয়েছে তরুণ ক্রিকেটারকে। কানাঘুষো যে তাঁকে হয়ত জিম্বাবোয়ের বিরুদ্ধে একাদশে ভাবছে না টিম ম্য়ানেজমেন্ট। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে। অন্য়দিকে অক্ষর পটেল একাদশে ঢুকে পড়তে পারেন ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে।