মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএল। তবে বিশের টুর্নামেন্ট শেষ হতে না হতেই লাল বলের লড়াইয়ে মাঠে নামতে হবে ভারতীয় দলের ক্রিকেটারদের। আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ভারতের টেস্ট ম্যাচ খেলার কথা। সেই ম্যাচে ভারতীয় দলের একাদশ কেমন হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আর সেই চর্চায় স্বাভাবিকভাবেই মহম্মদ শামির (Mohammed Shami) নাম উঠে আসছে।
বিগত বহুদিন ধরেই শামি ভারতীয় দলের বাইরে রয়েছেন। তাঁর ফর্ম, ফিটনেস, এমন না না অজুহাত দেওয়া হলেও, ভারতীয় নির্বাচকরা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা আর শামিকে ভারতীয় দলে নেওয়ার বিষয়ে ভাবছেন না। তবে শামি ঘরোয়া ক্রিকেটে নাগাড়ে ভাল পারফর্ম করে বারংবার চর্চার কেন্দ্রে উঠে আসছেন। আফগানিস্তানের যেখানে ভারতীয় দল কেমন হবে, সেই প্রশ্ন উঠছে, নিয়মিত টেস্ট খেলা বোলারদের বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই সুযোগ পাওয়ার আলোচনায় অনেকের মাথাতেই শামির নাম উঠে আসছে।
তবে রিপোর্টে দাবি করা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধেও শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত নেই। TOI-র রিপোর্ট অনুযায়ী মোটামুটি আইপিএলের প্লে-অফের স্থানগুলি নিশ্চিত হয়ে গেলেই আগামী সাত-দশদিনের মধ্যে ভারতীয় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসে ভারতীয় দল নিয়ে আলোচনা সারবেন। সেই বৈঠকে কয়েকজন ফাস্ট বোলারদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বাছাই করে, তাঁদের প্রস্তুত করার কথাবার্তা হতে পারে বলে খবর। যশপ্রীত বুমরার দল আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। তাই তাঁর আফগানিস্তানের বিরুদ্ধে খেলা এবং তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
আরও পড়ুন:- দলের সঙ্গে চোটের কারণে সফর না করলেও একাই তিন ঘণ্টার অধিক অনুশীলন করলেন হার্দিক, বাড়ল জল্পনা
তবে এক সূত্র জানান ভারতীয় দলের নির্বাচকরা প্রতিপক্ষ আফগানিস্তান হলেও, সহজে যে কাউকে টেস্ট ক্যাপ বিলি করতে রাজি নন। তিনি জানান, ‘ভারত আফগানিস্তানের বিপক্ষে খেলবে বলে নির্বাচকরা যাকে তাকে টেস্ট ক্যাপ দিয়ে দিতে চান না। ওঁরা সেরা একাদশকেই খেলাতে চান। ওত সহজে টেস্ট ক্যাপ বিলানোর পক্ষে নন ওঁরা। সিরাজের ওয়ার্কলোড প্রচুর বেশি। বুমরার বিষয়ে সিদ্ধান্তটি আলাপ আলোচনার পরেই নেওয়া হবে। মনে রাখতে হবে শেষবার ভারত যখন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিল, তখন কিন্তু সেরা একাদশই নেমেছিল।’
আফগানদের বিরুদ্ধে কারা সুযোগ পেতে পারেন? রিপোর্ট অনুযায়ী, রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করা আকিব নবি নির্বাচনের দৌড়ে রয়েছেন। তবে এক্ষেত্রে বিষয় হল তিনি ‘এ’ দলের অঙ্গ ছিলেন না, প্রিন্স যাদব আইপিএলে ভাল পারফর্ম করলেও, তিনি প্রথম শ্রেণির ক্রিকেট প্রায় খেলেনইনি। তবে অংশুল কম্বোজ গত বছরে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তাঁর এবং গুরনুর ব্রারের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াতে বলা হয়েছে। আশা করা হচ্ছে তাঁরা নির্বাচনের দৌড়ে থাকবেন।
