নয়াদিল্লি: আইপিএলের সঙ্গে সেই পাকিস্তানের সমর্থক থেকে বহু ক্রিকেটারই বারংবার পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League 2026) তুলনা টানেন, তবে পেশাদারিত্বের থেকে যে এই লিগ বহু যোজন দূরে দাঁড়িয়ে, তা আবারও প্রমাণ হল। ঘটনাটি ঘটেছে কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্স বনাম লাহৌর কালান্দার্সের ম্যাচে। সেখানে এক ক্রিকেটার এবং তাঁর বদলি হিসাবে দলে যোগ দেওয়া ক্রিকেটার উভয়েই একইসঙ্গে ম্য়াচে মাঠে নামেন।
কোয়েট্টার তরফে নিউজ়িল্যান্ড ক্রিকেটার বেভন জেকবসের বদলি হিসাবে দীনেশ চন্ডীমলের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। জেকবস বাংলাদেশের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে দলের সঙ্গে যোগ দেবেন বলেই তাঁকে টুর্নামেন্টের মাঝপথে সরে যেতে হয়েছে। তবে সকলেই বিস্মিত হয়ে যায় যখন লাহৌরের বিরুদ্ধে টসের সময় কোয়েট্টার একাদশ ঘোষিত হয়। সেখানে দেখা যায় চণ্ডীমল ও জেকবস, উভয়েই কোয়েট্টার একাদশে রয়েছেন। এটি যে একেবারেই নিয়মবিরুদ্ধ, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
তবে টসের সময় কোয়েট্টা এই ভুল তো করেই, অবাক করা বিষয় হল আম্পায়ার থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কেউই এই গোটা বিষয়ে কোনওরকম অভিযোগই করেননি। সম্ভবত এই বদলের বিষয়ে কেউ অবগতও ছিলেন না। ফলত জেকব এবং চণ্ডীমল, উভয়েই একই সঙ্গে ম্য়াচ খেলেন। শ্রীলঙ্কান ক্রিকেটার পাঁচ বলে তিন রানের বেশি করতে পারেননি, আর জেকবস ব্যাটিংয়ের তেমন সুযোগ পাননি। তবে কিউয়ির ব্যাট থেকেই কোয়েট্টার ম্যাচজয়ী শটটা আসে।
এই গোটা বিষয়ে পরবর্তীতে একটি বিবৃতি দেওয়া হয় যেখানে দাবি করা হয় যে এই ম্যাচে চণ্ডীমল টম কারানের পরিবর্তে একাদশে খেলেন কারণ কারান শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ম্য়াচে অংশগ্রহণ করতে পারেননি এবং দলের সঙ্গে সফরও করেননি। পরের ম্য়াচ থেকে কারান জেকবসের পরিবর্তে খেলবেন। ক্রিকেট বিশেষজ্ঞ এবং যারা ক্রিকেট বিন্দুমাত্র বোঝেন, তাঁরা ভালভাবেই জানেন যে এটা ভুল ঢাকার বৃথা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়, কারণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী এমনটা হয় না, অন্তত এর আগে এমন ঘটনা কোনওদিন সামনে আসেনি। ফলে স্বভাবতই ওয়াঘাপারের দেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে।
অবশ্য বিতর্ক যে এবারের পিএসএলে এই প্রথম হল, তেমনটা কিন্তু নয়। নাসিম শাহ এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করায় মোটা জরিমানার সম্মুখীন হন। বল বিকৃত করার প্রচেষ্টার জন্য ফখর জামান নির্বাসিত হন। পিএসএলের নিত্য নতুন বিতর্কের লম্বা সূচিতে এবার এই চণ্ডীমল ও জেকবসের ঘটনাটি নতুন এন্ট্রি নিল।
