নয়াদিল্লি: যশ দয়াল, আইপিএল চ্যাম্পিয়ন। গত মরশুমেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএল জয়ের অন্যতম কারিগর ছিলেন যশ। সেই যশ দয়ালই (Yash Dayal) এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। পাত্রী নেটপ্রভাবী শ্বেতা পুন্দির। আর এই বিয়েকে ঘিরেই হইচই পড়ে গিয়েছে।

Continues below advertisement

মাসখানেক আগে, ৪ ফেব্রুয়ারি যশ দয়াল শ্বেতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে খবর। উত্তরপ্রদেশের নয়ডায় তাঁর বিয়ে সারেন বলে খবর। দুইজনে একেবারে ঘরোয়াভাবে কয়েকজন অত্যন্ত কাছের মানুষ ও পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন। তাঁরা কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ে ঘোষণাও করেননি। তাঁদের বিয়েটা এতদিন পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই ছিল। তবে রবিবারই তাঁদের বিয়ের খবর সামনে আসে। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় তাঁর ও যশ দয়ালের নিত্যদিনের একটি ভিডিও শেয়ার করার পরেই সবটা জানাজানি হয়। আর তারপরেই শোরগোল শুরু হয়। 

২৮ বছর বয়সি ক্রিকেটার বিয়ে করেছেন, তা নিয়ে শোরগোল হওয়াটা স্বাভাবিকই। তবে যশ দয়ালের বিয়ে নিয়ে শোরগোলের কারণ খানিকটা ভিন্ন। ক্রিকেট কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, যশ দয়াল ইতিমধ্যেই বিরাট চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। রিঙ্কু সিংহের বিরুদ্ধে পাঁচ ছক্কা হজম করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেখান থেকে আইপিএল জয় এবং তারপরেই তাঁর বিরুদ্ধে উঠে মারাত্মক অভিযোগ। এক মহিলা যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগর পর তাঁকে ইউপি টি-২০ লিগ থেকে সরিয়ে দেওয়া হয়।

Continues below advertisement

মহিলা যশের বিরুদ্ধে প্রথম উত্তরপ্রদেশ এবং তারপরে রাজস্থান এফআইআর দায়ের করেন। এলাহাবাদ হাইকোর্ট থেকে আগেই যশ দয়ালের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়া হয়। পরে রাজস্থান হাইকোর্টও বছরের শুরুতে জানুয়ারি মাসে যশকে আগাম জামিন দেন। তাঁর বিরুদ্ধে এত বড় এক অভিযোগ উঠেছে এবং তিনি বিচারধীন, তার মাঝেই হঠাৎ বিয়ে সেরে নেওয়ার কারণেই মূলত যশ দয়ালকে নিয়ে যত চর্চা।

আপাতত বিতর্ক খানিকটা পিছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন যশ। সামনেই মাসের শেষে শুর হচ্ছে আইপিএল। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির হয়ে খেলতে নামবেন তিনি। বাঁ-হাতি ফাস্ট বোলার কিন্তু এবার নিঃসন্দেহেই চাইবেন ফোকাসটা তাঁর ব্য়ক্তিগত জীবন থেকে সরে তাঁর পেশাদার জীবনের দিকে যেন আসে এবং আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হয়ে যেন নতুন মরশুমে তিনি ভাল পারফর্ম করতে পারেন।