নয়াদিল্লি: বছরের শুরুতে তাঁর নেতৃত্বেই ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতে। তবে তারপরেই অফ ফর্মের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জাতীয় দল থেকে বাদ পড়েন। তবে সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সূর্যর দুরন্ত পারফরম্যান্সের পর তাঁর জাতীয় দলে কামব্যাক নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু তিনি আর ভারতীয় দলের পরিকল্পনায় নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল।
মুম্বইয়ের হয়ে ভারতের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে শুরুটাই অনবদ্যভাবে করেছেন সূর্যকুমার। ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ২১ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। মাত্র ১৫ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। এরপরে গুজরাতের বিরুদ্ধেও সেই ফর্ম অব্যাহত রেখে ২৯ বলে ৮২ রানের ইনিংস আসে সূর্যকুমারের ব্যাট থেকে। তৃতীয় ম্যাচে বড় রান না করলেও, ১২ বলে ২৫ রানের ছোট্ট ইনিংসেও দ্রুত গতিতে রান তোলেন তিনি। তিনটি ম্যাচেই তাঁর দল মুম্বই ম্যাচও জেতে।
আরও পড়ুন:- সাক্ষাৎকারের পরেই বদলেছে ভাগ্য! মুস্তাক আলিতে রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' দাবি সূর্যকুমার যাদবের
সূর্যর এই দুরন্ত ফর্মের সুবাগেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে এক বিসিসিআই সূত্র দাবি করেন সূর্যকুমারের জন্য ভারতীয় দলের দরজা প্রায় বন্ধ। যেখানে যশস্বী জয়সওয়ালই জায়গা পাচ্ছেন না, সেখানে সূর্যর সুযোগ পাওয়াটা কার্যত অসম্ভব। ওই সূত্র ANI-কে এক সাক্ষাৎকারে জানান, 'সূর্য আর বর্তমানে অন্তত আমাদের নির্বাচনী চিন্তাভাবনায় নেই। আমরা তো সীমিত ওভারের ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের জন্যই জায়গা করতে পারছি না।'
সূর্য প্রচুর খাটা খাটনি করছেন বলে স্বীকার করে নিলেও, জাতীয় দলে বর্তমানে তাঁর জায়গাই হচ্ছে না বলে ওই সূত্রের দাবি। তিনি যোগ করেন, 'হ্যাঁ, ও খুব খাটছে এবং লিস্ট এ ক্রিকেটে ভাল পারফর্মও করছে। তবে প্রশ্ন হচ্ছে এই ভারতীয় দলে ওকে আমরা কোথায় জায়গা দেব। বর্তমানে সত্য়ি বলতে ওর জন্য কোনও জায়গা ফাঁকাই নেইছ। সাদা বলের ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদেরও আমরা জায়গা দিতে পারছি না, সেখানে বর্তমানে দলের ভারসাম্য ঠিক রেখে সূর্যকুমারকে আমরা কোথায় খেলাব? বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, তাতে ওকে আমরা আপাতত দলে সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছি না।'
তাই আপাতত সৈয়দ মুস্তাক আলিতে ২৮৫.৭১-র স্ট্রাইক রেট নিয়ে খেলা সূর্যর যে জাতীয় দলে ফেরার কোনও সম্ভাবনা নেই, তা মোটামুটি স্পষ্ট।
