আমদাবাদ: ২০২৩ বিশ্বকাপ জুড়ে সব ম্যাচ জয়ের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই একই মাঠে ফের একবার ভারতের বিজয়রথ থামল। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নাগাড়ে ১২ ম্য়াচ জয়ের পর হারল ভারত। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রথম কোনও একাধিক দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরাজিত হল ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ১৮৮ রান তাড়া করতে নেমে রবিবার মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচে বিরাট ব্য়বধানে হারের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দাবি করছেন ভারতীয় দল পাওয়ার প্লেতেই ম্যাচে পরাজিত হয়। ভারতীয় অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'আমার মতে আমরা শুরুর দিকে ম্যাচে ছিলাম। শুরুতে বোলিংটা দারুণ হয়েছে। তবে ২১ রানে তিন উইকেট হারানোর পর ওরা সাত থেকে ১৫ ওভারে দারুণ ব্যাট করেছে। সব মিলিয়ে দেখতে গেলে বলব আমরা বোলিং ভাল করেছি, তবে ব্যাটিংটা আরও ভাল করতে হত। ১৮০-১৮৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ম্যাচ জেতা যায় না, তবে পাওয়ার প্লেতে ম্যাচ হারা যায়। সেখানেই আমরা একটু বেশিই উইকেট হারিয়ে ফেলি এবং তারপর আর পার্টনারশিপও গড়তে পারিনি। আশা করছি এটা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।'
সুপার এইটে এরপরে ভারতীয় দল বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে, তারপর ১লা মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই পর্বের শেষ ম্যাচ। ভারতীয় দলকে কিন্তু সেমিফাইনালে পৌঁছতে হলে দুই ম্যাচ জিততেই হবে। প্রোটিয়াদের বিরুদ্ধে এত বড় হারের পর কীভাবে পরবর্তী ম্যাচগুলিতে জয়ের সরণিতে ফিরবে টিম ইন্ডিয়া, কী ভাবছে ম্যানেজমেন্ট? সূর্য বলেন, 'আশা করি আরও ভাল ব্যাট করব, বল করব আর ফিল্ডিং করব। সহজ বিষয়। আমরা জিনিসপত্র সহজ সরল রাখারই চেষ্টা করব। যে ধরনের ক্রিকেট খেলে আসছি, সেই ধরনের ক্রিকেটটাই খেলব, কিছুই বদলাবে না। আমার মনে হয় আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।'
''
