নয়াদিল্লি: রবিবার, ১লা মার্চ ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে পৌঁছনোর পরেই এক ব্যক্তির নাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছিল। সঞ্জু স্যামসন নয়, এখানে কথা হচ্ছে মহম্মদ আমিরের (Mohammad Amir)। 

Continues below advertisement

সুপার এইট পর্ব চলাকলীন আমিরকে বারংবার পাকিস্তানের এক টিভি শোতে বলতে শোনা গিয়েছিল যে ভারতীয় দল (Indian Cricket Team) সেমিফাইনালে পৌঁছতে পারবে না। সেই পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে ভারত মেগা টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গিয়েছে। তবে এক পূর্বাভাস ডাহা ফেল হওয়ার পরেও আমির কিন্তু থামছেন না। ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে ফের একবার বড় মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।

আমিরকে ওই শোয়ে বলতে শোনা যায়, 'আমি যদি ক্রিকেটীয় দিক থেকে দেখি, তাহলে বলব ভারত কিন্তু একেবারেই ভাল ক্রিকেট খেলছে না। ওরা অন্তত তিন, চারটে ক্যাচ ফেলেছে এবং ফিল্ডিংও ফস্কেছে।'

Continues below advertisement

এরপরেই ভারতীয় দলের বোলিং নিয়ে মন্তব্য করে আমির আবারও জানিয়ে দেন ভারত এখনও বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট নয়। তিনি যোগ করেন, 'বুমরা বাদে প্রতিটি বোলারই রান খেয়েছে। আমি আগেই বলেছিলাম (হার্দিক) পাণ্ড্য কোনদিন বড় দলগুলির বিরুদ্ধে পারফর্ম করে না। চার ওভারে ও ৪০ রান খেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় বরুণ চক্রবর্তীর বিরুদ্ধেও আক্রমণাত্মক ব্যাটিং করেছে এবং সেমিফাইনালের দলগুলি কিন্তু স্পিন ভালই খেলে। তাই আমার মতে ভারতীয় দল কিন্তু সেমিফাইনালে পৌঁছলেও এখনও বিশ্বকাপের জন্য ফেভারিট নয়।'

এক পূর্বাভাস ভুল হয়েছে। এবার দেখার বিষয় হল ভারতীয় দল নাগাড়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আমিরকে ফের একবার ভুল প্রমাণ করতে পারে কি না। ভারতীয় দল সেমিফাইনাল ম্য়াচে বৃহস্পতিবার, ৫ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচের আগে কিন্তু ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম কারান ভারতকে কার্যত সতর্ক করে দিলেন।

বছর চারেক আগেও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেইবার জয়ের হাসি হেসেছিল ইংরেজ দল। এমনকী খেতাবও জিতেছিল তারা। সেই দলের অংশ ছিলেন স্যাম কারান। প্রাকম্যাচ সাংবাদিক সম্মেলনে সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আনলেন কারান। 

ভারতীয় দল শক্তিশালী বলে মনে করলেও কারানের দাবি, 'শ্রীলঙ্কার পরিবেশে আমাদের স্পিনাররা বেশি মদত পেয়েছিল। এখানে ভিন্ন ধরনের পরিস্থিতি এবং সেই পরিস্থিতির সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতাটা আমার জন্য অত্যন্ত মিষ্টিমধুর। আর এবারের বিশ্বকাপটাও আমাদের জন্য ভাল কেটেছে। ভারতের দল যে খুব শক্তিশালী সেটা আমরা ভালভাবেই জানি। তবে আমাদেরও পরিকল্পনা তৈরি রয়েছে। একটা টানটান ম্যাচ হতে চলেছে।'