নয়াদিল্লি: ক্রিকেট বিশ্ব দেখল এক রূপকথার মুহূর্ত। বল হাতে ২২ গজে যখন তিনি আসেন, ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি হওয়াটা এখন দস্তুর। তিনি রশিদ খান (Rashid Khan), আফগানিস্তানের সেই বোলার, যিনি আজ বিশ্ব ক্রিকেটের এক অনন্য উচ্চতায় পা রাখলেন। টি-টোয়েন্টি (T20) ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই স্পিনার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নিজের স্পেলের জাদুতে এক উইকেট তুলে নিয়ে এই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রশিদ। এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তাঁর ঝুলিতে টি-২০-তে রয়েছে ৬৩১টি উইকেট। 

রশিদের এই সাফল্য নিয়ে এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। ২০১৫ সাল থেকে আফগান জার্সিতে আত্মপ্রকাশ রশিদের। তিনি যে আফগানদের রত্ন, তা সুযোগ পেলেই প্রমাণ করেন। যেভাবে তিনি একের পর এক উইকেট শিকার করে চলেছেন, তাতে ক্রিকেট পণ্ডিতরা তাকে 'টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা' বলতেও দ্বিধা করছেন না। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৭০০ উইকেটের এই কীর্তি শুধু রশিদ খানের ব্যক্তিগত অর্জন নয়, এটি আফগান ক্রিকেটের এক ঐতিহাসিক জয়ও।

উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে রশিদ খানের আফগানিস্তান এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছে। গ্রুপ-ডি এর তিন নম্বর স্থানে রয়েছেন আফগানরা। এই তিন ম্যাচে অবশ্য ১টিতেই জিতেছে রশিদের দল। হার দুটিতে। গ্রুপ পর্বে আফগানিস্তানের পরবর্তী ম্যাচ ১৯ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ কানাডা। ম্যাচটি রয়েছে চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬০ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহি। এরপর ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় আফগানরা। ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অজমতউল্লাহ ওমরজাই। প্রথমে তিনি ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। এরপর তিনি ২১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।