হায়দরাবাদ: দুই হাইস্কোরিং ম্যাচের পর আজ ফের একবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের (IND vs WI) চতুর্থ টি-২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। গত দুই ম্য়াচের একটিতে ক্যারিবিয়ান দল ২৫০ রান তাড়া করে জিতেছে এবং গত ম্য়াচে ভারত জিতলেও শাই হোপের দল দু'শোর অধিক রান তুলতে সক্ষম হয়েছিল। আজ চতুর্থ ম্য়াচে হায়দরাবাদেও ফের একবার বড় রান উঠার প্রবল সম্ভাবনা। এমন পরিস্থিতিতে ঘরের ছেলে তিলক বর্মা (Tilak Varma) স্পষ্ট জানিয়ে দিলেন হোপদের থামিয়ে দেওয়া নয়, বরং ভারতের প্রয়োজন সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করে যাওয়া।

Continues below advertisement

ভারতীয় দলের সহ-অধিনায়ক তিলক প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ়, বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে খুবই ভাল দল। ওরা প্রচুর পরিমাণে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলে, তাই এই ফর্ম্যাটে কেমনভাবে খেলতে হয়, সেটা জানে। ওরা যা শক্তিশালী, সত্যি বলতে সেটা এক কথায় অবিশ্বাস্য। শুধু ওপেনার বা তিন, চার নম্বরের ব্যাটার নয়, সকলেই বড় শট মারতে সক্ষম। ওদের ১১ নম্বর ব্যাটারও ব্যাটে নেমে শট খেলতে সক্ষম। তাই ১০টা উইকেটই না পড়া পর্যন্ত আমরা বিশ্রাম নিতে পারি না, ততক্ষণ ম্যাচ অন।'     

দ্বিতীয় ম্যাচে ২৫০ রান ডিফেন্ড করতে নেমে ভারতীয় দল রক্ষণাত্মক বোলিং পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে দল নিজেদের সেই পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেছে এবং কোচ গৌতম গম্ভীর ভারতীয় বোলারদের আরও আক্রমণাত্মক হয়ে উইকেট নেওয়ার লক্ষ্যে বোলিং করতে বলেছেন বলে জানান তিলক।                  

Continues below advertisement

আরও পড়ুন:- সিরিজ় জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোথায়, কখন চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত? 

'প্রাথমিকভাবে আমরা দ্বিতীয় ম্যাচে উইকেট নেওয়ার লক্ষ্যে বোলিংই করিনি। ওরা যখন রান করছিল, তখন আমরা খানিকটা রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েছিলাম। তবে তারপর আমরা দলগতভাবে ঠিক করি এবং কোচ গৌতম স্যরও আমাদের উইকেটের লক্ষ্যে ঝাঁপানোর জন্য বলেন। তিনি আমাদেরও পাল্টা আগ্রাসন দেখানোর কথা বলেন।' দাব তিলক বর্মার। 

দেখার বিষয় হতে চলেছে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ জিতে সিরিজ় এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের নামে করতে পারে কি না।