মুম্বই: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বের তাবড় তাবড় বোলারদের মনে ভীতি তৈরি করে ফেলেছে সে। বিহারের সমস্তিপুর থেকে আইপিএলের মঞ্চে দাপট দেখানো বৈভব সূর্যবংশীই এখন 'টক অফ দ্য টুর্নামেন্ট'। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মারকুটে ব্যাটিংয়ের পর গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও যেভাবে যে ছন্দে ব্যাটিং করেছে, তা দেখে অবাক সবাই বুমরা, বোল্টের পর ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড। বিশ্বসেরা বোলারদের কাউকেই রেয়াত করেনি বৈভব। পাকিস্তান ক্রিকেটারদের মধ্যেও বৈভবকে নিয়ে জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে।

Continues below advertisement

প্রাক্তন পাক পেসার তনভীর আহমেদ মনে করেন যে বৈভব যেভাবে ব্যাটিং করছেন, তাতে কিছুদিনের মধ্যেই অভিষেক শর্মাকেও ছাপিয়ে যাবে সে। মানুষ পঞ্জাবের ব্যাটারকে ভুলেই যাবে বলে মনে করেন তনভীর। রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সূর্যবংশীর ব্যাট থেকে এসেছিল ২৬ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস। সেই ইনিংস দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন তনভীর। তিনি এক টিভি শোয়ে বলছেন, ''যখন সূর্যবংশী ভারতের হয়ে খেলবে, মানুষ অভিষেক শর্মাকেও ভুলে যাবে। যখন অভিষেক ও বৈভব দু'জনে একসঙ্গে ভারতের হয়ে ওপেন করবে, তখন আমার মনে হয় না যে অভিষেক বৈভবের ধারেকাছেও আসতে পারবে। সবাই সূর্যবংশীর দিকেই তাকিয়ে থাকবে।''

গত মরশুমে রাজস্থানের জার্সিতে আইপিএল অভিষেক হয় বৈভবের। গত মরশুমেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ঝোড়ো শতরান হাঁকায় সে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে সে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই মুহূর্তে চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছে বৈভব।

Continues below advertisement

অন্যদিকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের তালিকায় সবার আগে রয়েছেন বর্তমানে অভিষেক শর্মা। তাঁর ওপেনিং পার্টনার সঞ্জু স্যামসন চেন্নাইয়ের জার্সিতে চলতি আইপিএলে খেলছেন। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও ছিলেন সঞ্জু। এই দুজনের ওপরই কিছুটা চাপ থাকবে বৈভবের এমন পারফরম্য়ান্সের পর।

এই আইপিএলে এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৪ ম্য়াচে ২০০ রানের ওপর করে ফেলেছে বৈভব। স্ট্রাইক রেট ২৬৭ এর কাছাকাছি। ঝুলিতে ২টো পঞ্চাশ রয়েছে। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য, এই আইপিএলে এখনও পর্যন্ত বৈভব হাঁকিয়েছে ১৮টি ছক্কা ও ১৮টি বাউন্ডারি। রাজস্থানের জার্সিতে ওপেনিংয়ে নেমে জয়সওয়ালের সঙ্গে যে পার্টনারশিপ গড়ে ইনিংসের ভিত গড়ে দিচ্ছে বৈভব, তাতেই এখনও অপরাজিত রিয়ান পরাগের দল।