নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) শুরুর আগে একেবারে শেষ বেলার প্রস্তুতি চলছে। এ মরশুমে একদিকে যেমন চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সরা গত মরশুমের হতাশা পিছনে ফেলে দারুণভাবে প্রত্যাবর্তনের চেষ্টায়। সেখানে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মতো দলগুলি আবারও প্রথম খেতাব জয়ের লক্ষ্যে।
দিল্লি ক্যাপিটালস দলের বোলিং বিভাগের বড় ভরসা হতে পারেন মুকেশ কুমার (Mukesh Kumar)। শুরুতে নিঁখুত লাইন, লেংথে বল করার পাশাপাশি সঠিক ঠিকানায় ইয়র্কারও মারতে দক্ষ তিনি। তাঁর দিকে দিল্লি শিবিরের নজর থাকবে। মুকেশ কুমার কিন্তু তাঁর সাফল্যের জন্য সতীর্থ মহম্মদ শামিকে (Mohammed Shami) অনেকটাই কৃতিত্ব দিচ্ছেন। মুকেশ নিজেই জানান কোনও সমস্যা হলেই তিনি বাংলা দলে তাঁর সতীর্থ শামির কাছে ছোটেন।
পিটিআইকে মুকেশ বলেন, ‘আমি ওঁর থেকে অনেক কিছু শিখি। ওঁ বহুদিন ভারতের হয়ে খেলেছেন এবং এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। আমার তো যখনই কোনও সমস্যায় হয়, মুশকিলে পরি, তখনই আমি ওঁর কাছে ছুটে যাই এবং ওঁকে না না বিষয়ে প্রশ্ন করি। ওঁ সবসময়ই আমায় সাহায্য করেন।’
মুকেশ নিজেও ইতিমধ্যেই ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে শেষবার তাঁকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহেই সকলের স্বপ্ন থাকে। তবে মুকেশ বেশি দূরের কথা ভাবতে নারাজ।
তিনি জানান, ‘আমি আগেভাগেই বিশ্বকাপ বা বড় বড় টুর্নামেন্টের কথা ভাবতে চাই না। আজ কী করতে পারি, সেইদিকেই সবসময় আমার নজর থাকে এবং অনুশীলনে চেষ্টা করি কীভাবে নিজের আরও উন্নতি করা যায়। ভিন্ন ভিন্ন ব্যাটারদের জন্য কী পরিকল্পনা করা যায়, বলে কীভাবে আরও বৈচিত্র আনা যায়, এইসবই আমি ভাবতে থাকি।’
নতুন মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলতে মাঠে নামার আগে মুকেশের লক্ষ্য স্থির, তিনি দলের হয়ে যতটা সম্ভব অবদান রেখে দলকে জিততে সাহায্য করতে চান।
