বেঙ্গালুরু: হাইস্কোরিং মাঠ হিসাবে পরিচিত চিন্নাস্বামী স্টেডিয়াম। সেই মাঠেই রবিবার সন্ধেতে ঝড় তুললেন আরসিবি ত্রয়ী। দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal) ও টিম ডেভিড (Tim David) অনবদ্য অর্ধশতরান হাঁকালেন। অল্পের জন্য হাফসেঞ্চুরি না হলেও, ৪৮ রানের ইনিংস খেললেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার (Rajat Patidar)। এই তিন তারকার বিধ্বংসী ইনিংসেই সিএসকে বোলিংকে (RCB vs CSK) কার্যত কচুকাটা করে ২০ ওভারে ২৫০ রান তুলল আরসিবি।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে শুরু থেকেই আরসিবি বেশ ব্যাটাররা বেশ ভাল ছন্দেই ব্যাট করছিলেন। তবে কোহলিকে ২৮ রানে ফিরিয়ে আরসিবিকে প্রথম ধাক্কা দেন অংশুল কম্বোজ। তাতে অবশ্য খুব একটা দমে যায়নি আরসিবি। বরং দেবদত্ত পাড়িক্কাল আরও তেড়েফুড়ে আক্রমণ শানান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ফিল সল্টও। তবে আরসিবি ওপেনার অর্ধশতরানের দোরগোড়ায় আউট হন। শিবম দুবে প্রথম ওভারেই সল্টকে আউট করেন। কিন্তু তাতেই থামেনি আরসিবির আগ্রাসন।
১২তম ওভারে নুর আমেদের বিরুদ্ধে রজত পাতিদার ও দেবদত্ত পাড়িক্কাল একটি করে ছক্কা মারেন। এই ওভারেই আরসিবি শতরানের গণ্ডিও পার করে। পরের ওভারে শিবম দুবের বিরুদ্ধে ২৩ রান তোলে এই জুটি। দেখতেই দেখতে চলতি মরশুমে দ্বিতীয় আইপিএল ম্যাচে দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন পাড়িক্কাল। ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলে আরসিবি। তবে অর্ধশতরানের গণ্ডি পার করার পরেই জেমি ওভারটনের বলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি ব্যাটার।
এরপর তো ডেভিড শো শুরু হয়। শুরু থেকে শেষ, ডেভিড যতক্ষণ ক্রিজে থাকলেন, পরিমাপ করলে দেখা যাবে ততক্ষণ বল মাঠে কম এবং মাঠের বাইরে, হাওয়ায় বেশিক্ষণ থাকে। যে বোলারই আসুক না কেন, ডেভিডের প্রহারের হাত থেকে কেউই রক্ষা পাননি। মাত্র ২১ বলেই অর্ধশতরান হাঁকিয়ে ফেলেন টিম ডেভিড। তিনি বাকি চার বলে আরও ২০ রান যোগ করেন। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে আরসিবিকে ২৫০ রানের গণ্ডি পার করান ডেভিড। পাতিদার ৪৮ রানে অপরাজিত থাকেন। এবার দেখার এই বিরাট লক্ষ্য সিএসকে সফলভাবে তাড়া করতে পারে কি না।
