মুম্বই: সপ্তাহান্তে সম্মুখসমরে রো-কো। রোহিত শর্মাদের মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (MI vs RCB)। সেই ম্যাচে অবশ্যই ভারতীয় দলের এই দুই মহাতারকার দিকে নজর থাকবেই। তার পাশাপাশি নজর থাকবে আরেক তারকা যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দিকেও। 

Continues below advertisement

মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটিও উইকেট নিতে পারেননি। অনেকেই তিন ম্যাচ পরেও বুমরার উইকেটের খাতা শূন্য দেখে উদ্বিগ্ন। তবে পল্টন শিবিরের অন্দরে সেই উদ্বেগ কিন্তু নেই, অন্তত কায়রন পোলার্ডের (Kieron Pollard) দাবি তেমনই। মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের অংশ পোলার্ড আরসিবির ম্যাচের আগে সাংবাদিকদের জানান , ‘অনেক সময় আক্রমণের সেরা অস্ত্রও কিন্তু রক্ষণ হয়। যশপ্রীত বুমরার উইকেট না পাওয়ার বিষয়টাকে আমরা বাড়তি গুরুত্ব দিচ্ছি না।’

পোলার্ডকে প্রশ্ন করা হয় কেন রাজস্থান রয়্যালসের ম্যাচে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর আক্রমণের বিরুদ্ধে বুমরাকে নিজের পূর্ণ গতিতে বল করতে দেখা যায়নি? জবাবে পোলার্ডের দাবি, ‘বল যদি দ্রুত গতিতে মাঠের বাইরে আছড়ে পড়ে, তখন আরও জোরে বল করে তার মোকাবিলা করার কোনও মানে হয় না, তাই না? বদলে সেই সময় ভিন্ন কিছু করার চেষ্টা করতে হয়। আমাদের শিবিরের কেউই বুমরাকে নিয়ে উদ্বিগ্ন নয়। ওকে নিয়ে কোনও সমস্যা নেই, আপনারাই বরং উইকেট, গতি, তথ্য এসবের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেন। আমরা ক্রিকেটকে এমনভাবে দেখি না।’   

Continues below advertisement

আইপিএলের শুরুটা কেকেআরকে হারিয়ে দারুণভাবে করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে পরের দুই ম্যাচেই তাদের হারতে হয়েছে। দলে মিচেল স্যান্টনার যোগ দিলেও, এখনও আসেননি উইল জ্য়াকস। গত মরশুমে পল্টনদের হয়ে নিয়মিত খেলেছেন জ্যাকস। তাঁর মতো অলরাউন্ডারের না থাকাটা দলের ভারসাম্যকে নড়িয়ে দিচ্ছে বলেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। কবে আসবেন উইল জ্যাকস? ইংল্যান্ড তারকার আগমন নিয়েও এদিন জবাব দেন পোলার্ড।  

'আমরা আশা করছি ও খুব শীঘ্রই এসে দলের সঙ্গে যোগ দেবে। আপনারা যে ফিটনেস নিয়ে উদ্বেগের কথা বলছেন, সেই বিষয়ে আমি অন্তত কিছু জানি না।' দাবি পোলার্ডের। অপরদিকে, তিলক বর্মার ব্য়াটিং অর্ডারে স্থান বদলের জন্য তিনি রান পাচ্ছেন না, এই বিষয়েও সহমত নন পোলার্ড। তাঁর মতে সকলকেই ব্যাটিং অর্ডারে বিভিন্ন জায়গায় খেলা রপ্ত করতে হবে।