নয়াদিল্লি:আইপিএলের (IPL 2026) মহারণ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি রয়েছে। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজ়িগুলি নিজেদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। সেই তালিকায় গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (Royal Challengers Bengaluru) রয়েছে। তবে আরসিবির শিবিরে বিরাট কোহলি যোগ দিলেও, যোগ দেননি যশ দয়াল (Yash Dayal)। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
গত বছর আইপিএলে আরসিবির জয়ের অন্যতম বড় কারণ যশ দয়াল। ভাল পারফর্ম করে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। তবে হালে তাঁকে ঘিরে শুধু বিতর্ক আর বিতর্ক। উত্তরপ্রদেশের ক্রিকেটারের বিরুদ্ধে দুই ভিন্ন রাজ্যে শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এক অভিযোগকারিণী আবার নাবালিকা। এই সব বিতর্কের জেরে তাঁকে উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে দেওয়া হয়নি। এবার কী তাহলে আইপিএলেও তেমনটাই হচ্ছে?
হালে আরসিবির যে নতুন টিম বাস দলকে মাঠে আনতে, নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে, তাতে সকল খেলোয়াড়দেরই মোটামুটি ছবি রয়েছে। তবে নেই গতবার দলের হয়ে ১৩টি উইকেট নেওয়া যশ দয়ালের ছবি। এরপরে অনুশীলনেও তিনি অনুপস্থিত। তাই দুইয়ে দুইয়ে চার করে অনেকেই বিভিন্ন ধরনের জল্পনা শুরু করেছেন। কেউ কেউ তো দাবি করছেন এইসব বিতর্কের জেরে যশ দয়ালকে নীরবে নিজেদের দল থেকে রিলিজ় করে দিয়েছে আরসিবি।
তবে এই নিয়ে কিন্তু আরসিবির তরফে এখনও কোনওরকমের সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি। নিলামের আগে আরসিবি কিন্তু তাঁকে রিটেনই করেছিল। এতে অবশ্য জল্পনা থামছে না। প্রসঙ্গত উল্লেখ্য যশ দয়াল এইসব বিতর্কের মাঝেও কিন্তু সম্প্রতি বিয়েটা সেরে ফেলেছেন। ব্যক্তিগতভাবে ছোটখাট অনুষ্ঠানে ফেব্রুয়ারিতেই যশ বিয়ে করেছেন বলে খবর। তবে তাতেও বিতর্ক কিন্তু কমছে না।
