নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) প্রথম পর্বের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। কলকাতা, কেরল, গুয়াহাটির মতো জায়গাগুলিতে ভোটের কারণেই গোটা সূচি (IPL 2026 Schedule) ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার তাই আইপিএলের বাকি সূচিও ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)।
প্রথম দফায় গ্রুপ পর্বের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। ভারতীয় বোর্ডের তরফে আজই আইপিএলের বাকি ৫০টি গ্রুপ পর্বের ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। ১২টি মাঠে ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত এই ৫০টি ম্যাচ খেলা হবে। কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, নয়াদিল্লি, আমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর,ধর্মশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে এই ম্যাচগুলি খেলা হবে।
এই দ্বিতীয় দফার ম্যাচগুলির মধ্যে আটটি ডবল হেডার রয়েছে। ডবল হেডারের ক্ষেত্রে দুপুরের ম্যাচগুলি যথারীতি ৩.৩০ এবং রাতের ম্যাচগুলি সাড়ে সাতটায় শুরু হবে। দ্বিতীয় দফার এই ম্যাচগুলি শুরু হবে ১৩ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের প্রথম 'এল ক্লাসিকো' অর্থাৎ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ আয়োজিত হবে ২৩ এপ্রিল মুম্বইয়ে। ২ মে এই ম্য়াচের দ্বিতীয় লেগ চিপকে খেলা হবে।
২৪ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হবে। তবে এই সূচিতে লক্ষ্যণীয় বিষয় হল কেকেআরের মাঠ ইডেন গার্ডেন্সে এবার চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনও ম্যাচই নেই। এই দ্বিতীয় দফায় পঞ্জাব কিংস মুল্লানপুর নিউ চণ্ডীগড় এবং ধর্মশালায় নিজেদের ঘরের ম্য়াচগুলি খেলবে। ধর্মশালায় পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন স্টেডিয়ামে গত বারের রানার্স আপ তিনটি ম্যাচ খেলবে। আর আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি এই দফায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনটি হোম ম্যাচ খেললেও, তাদের বাকি দুই হোম ম্যাচ আয়োজিত হবে রায়পুরে।
তবে টুর্নামেন্টের ফাইনাল, কোয়ালিফায়ারের মতো প্লে-অফের ম্যাচগুলির সূচি, কোথায়, কখন, কবে হবে, তা এখনও জানানো হয়নি। সেই ম্যাচগুলির সূচি পরবর্তীতে জানানো হবে।
