ধর্মশালা: প্রথমে ব্যাট করে আইপিএলের প্লে-অফে (IPL Play offs) রেকর্ড রান তোলার পর বল হাতে সব বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় বিরাট বড় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। গুজরাত টাইটান্সকে (RCB vs GT) দুরমুশ করে নাগাড়ে দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে পৌঁছে গেল আরসিবি। ব্যাটিংয়ে পাতিদার ৯৩ রানের পর বলে জেকব ডাফি আরসিবির হয়ে এই ম্য়াচে সর্বাধিক তিনটি উইকেট নিলেন। ৯২ রানের বিরাট ব্যবধানে জিতল আরসিবি।
বড় রান তাড়া করতে নেমে এদিন আরসিবির ইনিংসের মতোই দুই চার মেরে ইনিংসের শুরুটা করেন টাইটান্স ওপেনার সাই সুদর্শন। তবে অত্যন্ত দুর্ভাগ্যবশতভাবে তাঁকে আউট হতে হয়। ম্যাচের তৃতীয় ওভারে সাই দুরন্ত এক কাট শটে বল বাউন্ডারি পার পাঠালেও ব্যাটের গ্রিপ তাঁর হাত থেকে স্লিপ করে পিচে পরে এবং অস্বাভাবিকভাব স্পিন করে তা তাঁর উইকেট ভেঙে দেয়। ফলেমাত্র ১৪ রানেই সাজঘরে ফিরতে হয় টাইটান্সের সর্বোচ্চ রানসংগ্রাহককে। পরের ওভারেই আরেক ইনফর্ম টাইটান্স ওপেনার, গিলও মাত্র দুই রানে ভুবনেশ্বর কুমারের শিকার হন।
তিনে নামা জস বাটলারকে বেশ ভালই দেখাচ্ছিল, তিনি আগ্রাসী মেজাজে ব্যাট করে দলের রান ৫০ পারও করান। তবে ২৯ রানে বাটলারকে বোল্ড করেন হ্যাজেলউড। পাওয়ার প্লের শেষ ওভারে দুই উইকেট নিয়ে রশিক সালাম গুজরাতের স্কোর পাঁচ উইকেটে ৫১ রান করে দেন। এমন পরিস্থিতিতেই মোটামুটি ম্যাচ কোন দিকে যাচ্ছে, তা বোঝা যাচ্ছিল। দেখতে দেখতেই ৮৮ রানে আট উইকেট হারিয়ে ফেলে গুজরাত টাইটান্স। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, তারা কি আদৌ শতরানের গণ্ডি পার করতে পারবে।
আরও পড়ুন:- রজত পাতিদারের বিধ্বংসী ব্যাটিংয়ে প্লে-অফে রেকর্ড রান তুলল আরসিবি, কড়া চ্যালেঞ্জের মুখে গুজরাত
এমন সময়েই কার্যত হেরে যাওয়া একটি ম্যাচে লড়াইয়ের ইচ্ছাশক্তিটা দেখান রাহুল তেওয়াটিয়া। মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে কার্যত একার কাঁধে ভর করিয়েই দলকে ১৫০-র গণ্ডি পার করান তিনি, ৩৩ বলে নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে তা কোনও সময়ই জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভুবনেশ্বর কুমারের বলে তেওয়াটিয়া শেষমেশ ৬৮ রানে আউট হন। ১৬২ রানেই গুটিয়ে যায় টাইটান্সের ইনিংস। বিরাট জয়ে নাগাড়ে দ্বিতীয় আইপিএল ফাইনালে পৌঁছয় আরসিবি।
তবে গুজরাত টাইটান্সের জন্য সৌভাগ্যের বিষয় তারা ফাইনালে পৌঁছনোর আরেকটি সুযোগ পাবেন, কোয়ালিফায়ার ২-র মাধ্যমে, যেটা গত মরশুমে শুভমন গিলরা পাননি। এবার দেখার সানরাইজার্স হায়দরাবাদ না রাজস্থান রয়্যালস, কার বিরুদ্ধে সেই ম্যাচে মাঠে নামে টাইটান্সরা।
