লখনউ: চূড়ান্ত ব্যর্থ দল। চূড়ান্ত ব্যর্থ তিনি নিজেও। পরপর দুটো টুর্নামেন্টেই দলকে ভরসা জোগাতে ব্যর্থ। এমনকী তিনিই আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন। তবে কাজের কাজ কিছুই করতে পারেননি। নিজে ব্যাট হাতেও রান পাননি। অবশেষে চাপের মুখে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ। লখনউ সুপারজায়ান্টসের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে পন্থের নেতৃত্ব ছাড়ার বিষয়টি।
আইপিএলের নিলাম থেকে পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। কিন্তু সেই দামের প্রতি সুবিচার করতে পারেননি তারকা উইকেট কিপার ব্যাটার। লখনউ সুপারজায়ান্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ঋষভ দলকে একটা অনুরোধ করেছিল আমাদের কাছে। আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি। ও নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিল। এ ধরনের সিদ্ধান্ত মোটেই সহজ নয়। অধিনায়ক হিসাবে ঋষভ সাজঘরে যে পরিবেশ তৈরি করেছিল তাতে আমরা কৃতজ্ঞ। আপাতত সেরাদের সঙ্গে তাল মিলিয়ে দলকে নতুন ভাবে তৈরি করা ও পুনর্গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।'
লখনউকে নেতৃত্ব দেওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বও দিয়েছিলেন পন্থ। কিন্তু সেখানে এতটা ব্যর্থ হতে হয়নি পন্থকে, যতটা তিনি লখনউয়র অধিনায়ক হিসেবে হয়েছেন। এই মরশুম ও তার আগের মরশুম মিলে মোট ২৮ ম্য়াচে লখনউয়ের অধিনায়ক ছিলেন। আর তার মধ্যে মাত্র ১০ ম্য়াচে জয় পেয়েছে লখনউ।
এবারের আইপিএলে নিজেদের শেষ লিগ ম্য়াচেও হেরে যায় লখনউ। পঞ্জাবের বিরুদ্ধে সেই ম্য়াচে হারের পর লখনউ কোচ টম মুডি বলছেন, 'নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে পন্থকে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ফলাফলের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাচ্ছে। নেতৃত্বের চাপ পন্থের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে। এটা ঠিক এই মরশুমটা আমাদের জন্য কঠিন ছিল। তা-ও সময় নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। আমাদের সব কিছুই খতিয়ে দেখতে হবে।' ২০২৭ মরশুমের আগে নিশ্চিতভাবেই দল নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছিলেন টম মুডি। কিছু ভাবনা চিন্তার আগেই নিজেই দেওয়াল লিখনটা বুঝতে পেরে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন পন্থ।
