নয়াদিল্লি: নিজস্ব টিভি চ্যানেল আনার কথা ভাবছে Google. সেই মতো পেটেন্ট চেয়ে আবেদনও জানিয়েছে তারা। তবে সাধারণ টিভি চ্যানেল নয়, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নির্ভর টিভি চ্যানেল আনতে চায় তারা। এমন টিভি চ্যানেলের জন্য পেটেন্টের আবেদন জানিয়েছে তারা, যা AI ব্যবহার করে সম্পূর্ণ নতুন ভিডিও বানাতে সক্ষম হবে। আপনার পছন্দ অনুযায়ী ভিডিও কনটেন্ট বানিয়ে দিতে পারবে, এমনকি মূল চরিত্রে আপনি নিজেকেও রাখতে পারবেন। (Google AI TV Channel)
Google-এর তরফে যে AI টিভি চ্যানেলের পেটেন্ট চেয়েছে, তাতে AI-কে ব্যবহার করে গ্রাহকের পছন্দ অনুযায়ী নিত্য-নতুন ভিডিও কনটেন্ট দেখানো হবে। ২০২৫ সালের ১৩ মে ওই আবেদন জমা দেয় Google. পেটেন্টের শিরোনাম ছিল ‘Creating a Channel of Video Experiences Tailored to a User’. অর্থাৎ প্রত্যেক গ্রাহকের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা কনটেন্ট তৈরি করে দেবে AI. (AI TV channel)
TV অ্যাপের মধ্যেই ‘My Channel’ বলে বিশেষ অপশন থাকবে। যেমনটি গ্রাহকের পছন্দ, যে ভাষার কনটেন্ট পছন্দ, তা-ই বানিয়ে দেবে AI. গ্রাহক কোন অঞ্চলের বাসিন্দা, বয়স কত তাও গুরুত্ব পাবে। গ্রাহক কী ধরনের সিনেমা, সিরিয়াল বা ভিডিও পছন্দ করেন, তার Viewing History-ও ব্যবহার করা হবে। সেই মতো স্বয়ংক্রিয় সার্ভার প্রম্পট তৈরি করে নির্দেশ যাবে কনটেন্ট বানানোর।
পেটেন্টের আবেদনে যে ছবি তুলে ধরেছে Google, তাতে দেখা গিয়েছে, বসার ঘরের টিভিতে ‘John’s Channel’ নামের একটি চ্যানেল চলছে, যেখানে Crime/Comedy caper/Sci-fi Adventure/Fun romantic comedy/Action/Thriller Experience এর মতো আলাদা আলাদা বিভাগ রয়েছে। গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক টাইমার সেট করে নিজে থেকেই কন্টেন্ট তৈরির ব্যবস্থা করে নিতে পারবেন।
শুধু তাই নয়, চাইলে নিজের বসার ঘরের টিভিতে নিজেকেই অভিনয় করতে দেখতে পারবেন গ্রাহক। তাঁর ছবি ব্যবহার করে Avatar বানিয়ে নেবে AI. কণ্ঠস্বরের নমুনা থেকে অবিকল গলার আওয়াজও তৈরি করা হবে। প্রধান চরিত্রে সংশ্লিষ্ট গ্রাহককে রেখেই বানানো হবে কন্টেন্ট। আবার বিশ্বকাপ ম্যাচে যদি নিজেকে শামিল করতে চান কেউ, তাও সম্ভব হবে। বিশ্বকাপ ক্রিকেটের কোনও ক্লিপ দেখছেন হয়ত। Google-এর টিভি সিস্টেম তা থেকে এমন দৃশ্য তৈরি করতে পারবে, যেখানে ব্যাটিং চলাকালীন গ্যালারি বা স্ট্যান্ডে নিজেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখতে পারবেন গ্রাহক।
ইতিমধ্যেই Google TV হোম স্ক্রিন চালু রয়েছে বাজারে। FAST চ্যানেল আবার সকলের জন্য একই জিনিস সম্প্রচার করে। YouTube TV-র অটোপ্লে আগের ভিডিও দেখায়। কিন্তু Google-এর নতুন চ্যানেল একেবারে নতুন নতুন ভিডিও তৈরি করবে। Google-এর ওই টিভি কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ তাদের পেটেন্টের আবেদন খারিজ হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে বিষয়টি ভাবিয়ে তুলেছে সকলকে। এর পর আর কেউ টিকিট কেটে সিনেমা দেখতে যাবেন কি না, টিভি দেখবেন কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।
