কলকাতা: ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। আর সেই এয়ারটেল এবার চুক্তি করল ভাষা শেখার প্ল্যাটফর্ম Duolingo-র সঙ্গে। এই চুক্তির ফলে Airtel-এর ৩৭ কোটি ৬০ লক্ষ গ্রাহক কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ১২ মাসের Super Duolingo পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন।
আরও পড়ুন: চিপ থেকে ক্যামেরা বা শক্তিশালী ব্যাটারি, নতুন কী কী বদল আসতে চলেছে অ্যাপল আইফোন ১৮ প্রো - তে ?
Super Duolingo-র মাধ্যমে এয়ারটেল গ্রাহকরা নতুন ভাষা শিখতে পারবেন। এ ছাড়াও এই সাবস্ক্রিপশন থাকলে কোনও বিজ্ঞাপনও ভাষা শেখার ক্ষেত্রে কোনও সমস্যা তৈরি করবে না। পাশাপাশি থাকবে আনলিমিটেড এনার্জি, AI-নির্ভর রিয়েল-টাইম স্পিকিং প্র্যাকটিস, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তৈরি করা অনুশীলন। এ ছাড়াও ভাষা শেখার সময় যে সব ভুলগুলো হবে, সেই সব ভুল পর্যালোচনার সুবিধাও থাকবে এই সাবস্ক্রিপশনে।
Duolingo-তে বর্তমানে ৪০টিরও বেশি ভাষা শেখার কোর্স রয়েছে। ছোট ছোট লেসন, খেলার মাধ্যমে শেখা, ব্যক্তিগত শেখার পদ্ধতি এবং AI-নির্ভর বিভিন্ন ফিচারের মাধ্যমে ভাষা শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় ও সহজ করে তোলাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।
আরও পড়ুন: মাসে কত টাকার SIP করলে মাত্র ১৫ বছরে আপনি জমিয়ে ফেলবেন ৫০ লক্ষ টাকা?
Airtel জানিয়েছে, গ্রাহকদের জন্য আরও উন্নত ও ভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই অংশীদারিত্ব। ভাষা শেখার সুযোগকে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি নিয়মিত শেখার অভ্যাস গড়ে তুলতেও এই পরিষেবা সাহায্য করবে বলে সংস্থার আশা।
এই অফার Airtel-এর মোবাইল, Wi-Fi এবং DTH গ্রাহকরাই পাবেন, জানিয়েছে সংস্থাটি। গ্রাহকরা Airtel App-এর মাধ্যমে Super Duolingo-র ১২ মাসের সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করতে পারবেন। এর জন্য কোনও ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
অর্থাৎ, Airtel-এর যোগ্য গ্রাহকরা আলাদা করে সাবস্ক্রিপশন ফি না দিয়েই এক বছর ধরে Duolingo-র প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে পারবেন। নতুন ভাষা শেখা, কথা বলার দক্ষতা বাড়ানো কিংবা নিয়মিত ভাষা অনুশীলনের ক্ষেত্রে এই উদ্যোগ গ্রাহকদের জন্য একটি অতিরিক্ত ডিজিটাল সুবিধা হিসেবে কাজ করবে।
