কলকাতা: WhatsApp-এর ইউজার নেম। বিশ্ব জুড়ে ২৯ জুন থেকে WhatsApp নতুন এই ফিচার ধীরে ধীরে রোল আউট করা শুরু করেছে। যদিও এই ফিচার নিয়ে মেটাকে (Meta) নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, ভারতে আপাতত WhatsApp-এর নতুন Username ফিচার চালু করা যাবে না। সূত্রের খবর, এই ফিচার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে সংস্থাকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারতে এই ফিচার চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে।

Continues below advertisement

আরও পড়ুন: চলছে বুলডোজার, মাতলা নদীর চর দখল করে তৈরি সওকত মোল্লার ছেলের ক্যাফে 'অরণ্যের কূলে' ভাঙা শুরু

সরকারের এই পদক্ষেপ থেকে স্পষ্ট, নতুন ফিচারের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখেই চালু হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই নোটিস বা সরকারের নির্দেশিকা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি মেটা।

Continues below advertisement

সম্প্রতি WhatsApp ঘোষণা করেছিল, ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই একটি নির্দিষ্ট ইউজারনেমের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সংস্থার দাবি, এই ব্যবস্থা ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও সুরক্ষিত করবে। কাউকে যোগাযোগ করতে হলে শুধুমাত্র তার সঠিক ইউজারনেম জানলেই হবে। ফলে, WhatsApp-এ যোগাযোগ করতে গেলে কাউকে আর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফোন নম্বর শেয়ার করতে হবে না।

আরও পড়ুন: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ

তবে এই ফিচার নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে পরিচয় জালিয়াতি, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি এবং অনলাইন প্রতারণার ঘটনা বাড়তে পারে। জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইউজারনেম ব্যবহার করে বিভ্রান্ত করা হতে পারে মানুষকে। প্রতারণার ঝুঁকিও তৈরি হতে পারে।

ভারতের বর্তমান আইন অনুযায়ী, WhatsApp ও Telegram-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে একটি ভেরিফায়েড মোবাইল নম্বরের সঙ্গে ব্যবহারকারীর অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে হয়। ২০২৪ সালের টেলিকম সাইবার সিকিউরিটি নিয়মে ডিজিটাল জালিয়াতি রুখতে এই বাধ্যবাধকতা রয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্র চায়, নতুন ফিচার চালুর আগে সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মেটা বিস্তারিত ব্যাখ্যা দিক। সরকারের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই ভারতে WhatsApp Username ফিচার চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত ভারতীয় ব্যবহারকারীদের এই নতুন সুবিধার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।