কলকাতা : স্মার্ট ফোনের যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এর যেমন ভাল দিক রয়েছে, তেমনই খারাপ দিকটাও রয়েছে। তবে ভালর থেকে খারাপ প্রভাবটা বেশি পড়ছে শিশু ও কিশোরদের ওপর। কারণ, পড়াশুনো বা অন্যান্য কারণে বাবা-মায়েরা খুব অল্প বয়সে সন্তানের হাতে মোবাইল ফোন দিয়ে দিচ্ছেন। এতেই বাড়ছে বিভিন্ন সমস্যা। তাই নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে হোয়াটসঅ্যাপ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অভিভাবকনিয়ন্ত্রিত (parent-controlled) নতুন অ্যাকাউন্ট চালু করেছে সংস্থা।

Continues below advertisement

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে বলেছে, "পরিবার এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর আমরা এই নতুন অভিভাবক-পরিচালিত অ্যাকাউন্ট চালু করছি। কেবলমাত্র বাবা-মা বা অভিভাবকরাই কিশোর-কিশোরীদের জন্য এই হোয়াটসঅ্যাপ (WhatsApp) সেট-আপ করতে পারবেন। মেসেজ এবং কলিংকেও কন্ট্রোল করতে পারবেন।"

‘গোপন’ ফিচারে বাবা-মায়েরা কী নিয়ন্ত্রণ করতে পারেন?

Continues below advertisement

হোয়াটসঅ্যাপের এই ‘গোপন’ ফিচারে ১৩ বছরের কম বয়সি ব্যবহারকারীদের সর্বদা নজরে রাখতে পারবেন বাবা-মায়েরা। বাচ্চারা কোনও ভাবেই 'লুকানো চ্যাটিং' করতে পারবে না। শুধুমাত্র ব্যক্তিগত মেসেজ এবং গ্রুপ চ্যাট করতে পারবে। মেটার তরফ থেকে জানান হয়, এই ‘কিড অ্যাকাউন্টে’ থাকছে না চ্যানেল, স্টেটাস বা এআই-এর মতো সুবিধা। থাকছে না ডিসঅ্যাপিয়ারিং চ্যাট বা ভিউ ওয়ান্সের মতো অপশনও। যে কারণে, সমস্ত কিছুই দেখতে পাবেন অভিভাবকরা। 

কীভাবে চালু করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। 

২. ফোন নম্বর ও সন্তানের বয়স দিয়ে অ্যাকাউন্ট ওপেন করুন। 

৩. অ্যাকাউন্ট ওপেন হলেই ডিভাইসে একটি কিউআর কোড জেনারেট হবে। 

৪. কিউআরটি আপনার ফোনে স্ক্যান করে দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করুন। 

দুটি অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলেই অভিভাবকরা সমস্ত কিছু দেখতে পাবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলেই অভিভাবকরা সন্তানের হোয়াটসঅ্যাপের পিন পরিবর্তন, প্রাইভেসি সেটিংস বদলানো-সহ অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। দিনে কত সময় ব্যবহার করছে, কার সঙ্গে চ্যাট করছে, সবটাই দেখতে পাবেন। 

অনেকেই ভাবছেন ১৩ বছর বয়স পেরোলে এই অ্যাকাউন্টটির কী হবে? এই বিষয় নিয়েও হোয়াটসঅ্যাপ স্পষ্ট জানিয়েছে যে, সুরক্ষা নিয়ম অনুযায়ী সন্তানের বয়স যখন নির্দিষ্ট বয়সে পৌঁছাবে, তখন কিড অ্যাকাউন্ট থেকে স্বাভাবিক স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে রূপান্তরের জন্য নোটিফিকেশন পাঠানো হবে। আপনি চাইলে তখনই পরিবর্তন করতে পারেন, নইলে ১২ মাসের মধ্যেও করে নিতে পারবেন।