বাংলাদেশে নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে খুন মহিলা সাংবাদিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2018 06:20 PM (IST)

বাংলাদেশের একটি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘরে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলা। মৃত সাংবাদিকের নাম সুবর্ণা নদী। ঢাকা থেকে দেড়শ কিলোমিটার দূরে পাবনা জেলার রাধানগর এলাকায় থাকতেন সুবর্ণা। ৯ বছরের মেয়েকে নিয়ে থাকতেন ওই সাংবাদিক। সুবর্ণার সঙ্গে তাঁর স্বামীর ডিভোর্স মামলা চলছিল। রাত পৌনে এগারোটা নাগাদ ১০ থেকে ১২ জন দুষ্কৃতী মোটর সাইকেলে চেপে এসে দরজায় বেল বাজায়। দরজা খুলতেই দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে সুবর্ণাকে এলোপাথাড়ি কোপায়। তারপর গুরুতর জখম অবস্থায় তাঁকে ফেলে দুষ্কৃতীরা পালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলা সাংবাদিককে মৃত বলে ঘোষণা করা হয়।