ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর, এ রাজ্যেও আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2019 09:42 AM (IST)

পুরী থেকে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৭৫ থেকে ১৯৫ কিলোমিটার বেগে আগামীকাল দুপুরে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর, ঘূর্ণিঝড় ফণী এ রাজ্যেও আঘাত হানতে পারে। সেইসময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১৫ কিলোমিটার। আয়লার থেকেও বেশি ধ্বংসাত্মক হতে পারে ঘূর্ণিঝড় ফণী। এর জেরে ওইদিন থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। শহুরে এলাকায় পুরনো বাড়ি, গ্রামে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। উপড়ে পড়তে পারে গাছ। ক্ষতি হতে পারে ফসলের। এছাড়াও, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।