উলুবেড়িয়ায় ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2019 03:06 PM (IST)

ভোট মিটলেও, হাওড়ার উলুবেড়িয়ায় অশান্তি অব্যাহত। ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায়, বিজেপি নেতাকে ধারাল অস্ত্রের কোপ, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। বিজেপির অভিযোগ, গতকাল রাতে খলিসানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান বর্ণালী দেঁড়ের স্বামী সঞ্জীব দেঁড়েকে উলুবেড়িয়া উপ নির্বাচনের বিজেপি প্রার্থীর নাম লেখা ফেস্টুন ছিঁড়তে দেখা যায়। প্রতিবাদ করায়, প্রাক্তন প্রধানের স্বামী, কলকাতা পুলিশের কর্মী সঞ্জীব ধারাল অস্ত্র দিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি যাদব প্রামাণিককে কোপায়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মী রাকেশ কয়ালকে। দুজনেই গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক। ঘটনার প্রতিবাদে আজ সকালে খলিসানি মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশি আশ্বাসে মিনিট চল্লিশেক পরে অবরোধ ওঠে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।