সিপিএম কার্যালয়ের ছাদ থেকে কৌটো বোমা উদ্ধার নদিয়ায়, আটক ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2019 03:55 PM (IST)

নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে সিপিএম কার্যালয়ের ছাদ থেকে উদ্ধার কৌটো বোমা। আটক সিপিএমের প্রাক্তন পুর প্রধান সহ ২। স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে গয়েশপুরে সিপিএম কার্যালয়ের ছাদে কয়েকটি কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। সিপিএম কার্যালয়ের ছাদ থেকে উদ্ধার হয় কৌটো বোমাগুলি। আটক করা হয় গয়েশপুর পুরসভার সিপিএমের প্রাক্তন পুর প্রধান গোপাল চক্রবর্তী ও এক সিপিএম কর্মীকে। তৃণমূলের অভিযোগ, উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুর এলাকায় আগামীকাল ভোট। তার আগে সন্ত্রাস সৃষ্টির জন্যই বোমা মজুত করা হয়েছিল। সিপিএমের পাল্টা দাবি, দুষ্কৃতীরাই বোমা রেখেছে। এনিয়ে মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাঁসানো হচ্ছে।