লোকসভা ভোটের আগে বীরভূমের বোলপুরের বড়ডিহা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2019 11:30 AM (IST)

লোকসভা ভোটের আগে বীরভূমের বোলপুরের বড়ডিহা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪। তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গ্রেফতার ৩। ঘটনার সূত্রপাত গত রবিবার। এলাকায় দলীয় পতাকা লাগানোয় বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, গতকাল এলাকায় মিছিল করে শাসকদল। অভিযোগ, এরপরই তৃণমূল কর্মীরা কয়েকজন বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায়। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরাই সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান অসীমা মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়। এক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে প্রাক্তন প্রধানের স্বামীর অভিযোগ। দু পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় দুই বিজেপি কর্মী ও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ।এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ টহল দিচ্ছে।