জগদ্দলে বিজেপির রেল অবরোধ, শিয়ালদা মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2019 10:42 AM (IST)

লোকসভা ভোটের জন্য দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় মহিলা বিজেপি কর্মীর শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে জগদ্দলে ২৯ নম্বর রেলগেটে বিজেপির প্রায় আধঘন্টা রেল অবরোধ। তার জেরে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল। বিজেপির দাবি, গতকাল ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ গুহর বাড়ির সামনে দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। ওই তৃণমূল কাউন্সিলর এক মহিলা বিজেপি কর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে জগদ্দল থানার সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান ব্যারাকপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। অর্জুন, তাঁর ভাইপো ও চার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরকে মারধরের পাল্টা অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন।