পুরোহিতের মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক,অপহরণের চেষ্টা, ধরা পড়ায় গণপিটুনিতে মৃত্যু আলিপুরদুয়ারে
ফের আলিপুরদুয়ারে গণপিটুনিতে মৃত্যু। এবার কালচিনির হ্যামিলটনগঞ্জে। মৃতের নাম রাজলাল শাহ। বছর পঁয়ত্রিশের ওই যুবক স্থানীয় দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, হ্যামিলটনগঞ্জের এক পুরোহিতের মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় রাজলাল। মৃতের পরিবারের দাবি, প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিলেও, সম্প্রতি তা নিয়ে আপত্তি জানায় মেয়েটির পরিবার। অভিযোগ, গতকাল মেয়েটিকে জোর করে বাড়ি থেকে তুলে আনতে যায় রাজলাল। পুরোহিত বাধা দিলে সে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। পুরোহিতকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাইও। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। শুরু হয় গণপিটুনি। পরে কালচিনি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। আহত পুরোহিত ও তাঁর ভাই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি।
Tags :
Alipurduar