মল্লারপুর বিস্ফোরণকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা, সরানো হল মল্লারপুর সহ চার থানার ওসিকে

বীরভূমের মল্লারপুরে ক্লাবে বিস্ফোরণের ঘটনায় এখনও ধোঁয়াশা। পাঁচ দমকল কর্মীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ক্লাবের সম্পাদক সহ বেশ কয়েকজনকে। পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টা ৪০ নাগাদ বিস্ফোরণ হয়। গোটা এলাকা কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ক্লাবে পৌঁছে যান সদস্যরা। তাঁরাই স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কী থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। বীরভূমের মল্লারপুরে বিস্ফোরণকাণ্ডে পর সরানো হল চারটি থানার ওসিকে। মল্লারপুরের পাশাপাশি, রামপুরহাট, সাঁইথিয়া ও নলহাটি থানার ওসিকে বদলি করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, এটি রুটিন বদলি। গতকাল মল্লারপুরে একটি ক্লাব ঘরে বিস্ফোরণ হয়। উড়ে যায় ক্লাব ঘরের ছাদ, পিছনের দেওয়াল। এই ঘটনার পরেই সরানো হয় মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিককে। পুলিশ সূত্রে খবর, তাঁকে রামপুরহাট থানায় বদলি করা হয়েছে। মল্লারপুর থানার নতুন ওসি হয়েছেন বৃকোদর সান্যাল। তিনি ছিলেন মহম্মদবাজার থানার ওসি। সাঁইথিয়া থানার ওসি নীলোত্পল মিশ্র। তিনি ছিলেন ওসি ক্রাইম সেল, বীরভূম। নলহাটি থানার নতুন ওসি কার্তিকচন্দ্র রায়। এর আগে তিনি রামপুরহাট থানার ওসি ছিলেন।

JOIN US ON

Whatsapp
Telegram