নিখোঁজ সূচপুর গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত নানুরের প্রাক্তন সিপিএম নেতা , মোবাইলের শেষ টাওয়ার লোকেশন মিলেছে ৭০ কিলোমিটার দূরে, ঘনীভূত রহস্য

নিখোঁজ বীরভূমের নানুরের প্রাক্তন সিপিএম নেতা। বাড়ির কাছ থেকে উদ্ধার বাইক ও হেলমেট। মোবাইলের শেষ টাওয়ার লোকেশন মিলল সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দুবরাজপুরে। ঘটনায় রহস্য দানা বেঁধেছে। অপহরণের অভিযোগ পরিবারের। সুভাষচন্দ্র দাস সূচপুর গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন। হাইকোর্টের নির্দেশে বেকসুর খালাস পান। পরিবার সূত্রে খবর, জীবন বিমা সংক্রান্ত কাজের কথা বলে শুক্রবার বাড়ি থেকে বের হন প্রাক্তন সিপিএম নেতা। দুপুরে শেষ কথা হয় মেয়ের সঙ্গে। জানান, তিনি ইলামবাজারে আছেন। রাতে মোবাইলে দু-দুবার রিং হলেও, কেউ ধরেনি বলে দাবি পরিবারের। গতকাল বাড়ির কাছেই বেসরকারি পলিটেকনিক কলেজ চত্বর থেকে প্রাক্তন সিপিএম নেতার বাইক ও হেলমেট উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে বেরিয়ে ইলামবাজারে এক ব্যক্তিকে নামিয়ে, বাইক নিয়ে জয়দেবের দিকে রওনা দেন প্রাক্তন সিপিএম নেতা। সেই বাইক ও হেলমেট উদ্ধার হয় নানুরে বাড়ির কাছ থেকে। এরপর রাতে বাড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দুবরাজপুর এলাকায় মেলে মোবাইলের শেষ টাওয়ার লোকেশন। গোটা বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola