কাটোয়ায় হাঁস-মুরগি পালন প্রকল্পের মুরগি দলীয় কর্মীদের মধ্যে বিলির অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে, বিজেপির বিক্ষোভ

হাঁস-মুরগি পালন প্রকল্পের মুরগি দলীয় কর্মীদের মধ্যে বিলির অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গতকাল এই গ্রাম পঞ্চায়েতের ৮টি গ্রামের ২৫৪ জন উপভোক্তাকে মুরগি বিলির কথা ছিল। যে সমস্ত মুরগি বিলি হয়নি, সেগুলিকে আজ বিলি করার জন্য পঞ্চায়েত অফিসেই রাখা হয়। অভিযোগ, রাতে তৃণমূল কর্মীদের মধ্যে সেই মুরগিগুলি বিলি করা হচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয় বিজেপি নেতারা। অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। তালা খুলে উদ্ধার করা হয় পঞ্চায়েত অফিসের কর্মীদের। তৃণমূল প্রধানের দাবি, খাবারের অভাবে মুরগিগুলির মৃত্যুর আশঙ্কা করে ওগুলিকে রাতেই  উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।

JOIN US ON

Whatsapp
Telegram