শ্রীরামপুরে লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, পথ অবরোধ স্থানীয়দের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2019 10:24 AM (IST)

হুগলির শ্রীরামপুরে লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। রাস্তা খারাপ হওয়ায় দুর্ঘটনা, এই অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে র্যাফ। আটক লরিচালক। আজ সকাল ৭টা নাগাদ দিল্লি রোড ও জিটি রোডের সংযোগস্থলে শ্রীরামপুরের নগার মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় বছর চব্বিশের বাইক চালকের। গুরুতর আহত এক বাইক আরোহী। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। সেই কারণেই দুর্ঘটনা। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। অবরোধের জেরে বেশ কয়েকটি রুটের বাস পরিষেবা বন্ধ। ভোগান্তির শিকার যাত্রীরা।