খানাকুলে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মার

হুগলির খানাকুলে এবার আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খানাকুলের কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা দীপিকা মাইতির স্বামী প্রণব মাইতি গতকাল সন্ধেয় এক তৃণমূল কর্মীর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইক থামিয়ে তাঁকে খানাকুল লাগোয়া পশ্চিম মেদিনীপুরের পোমরায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। আহত তৃণমূল নেতাকে সেখানে দ্বারকেশ্বর নদীর জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। বিজেপির দাবি, লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর। গত বুধবার তিনি ফের তৃণমূলে যোগ দেন। প্রধানের দলবদল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল কর্মীর উপর হামলা বলে বিজেপির দাবি। এর আগে শনিবার খানাকুলেই আক্রান্ত হন তিন বিজেপি কর্মী। হামলার অভিযোগ ওঠে তৃণমূল প্রধানের বিরুদ্ধে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola