আরামবাগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2019 12:29 PM (IST)

হুগলির আরামবাগের হরিণখোলায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে অভিযোগ পরিবারের। আটক ৩ তৃণমূল কর্মী। গতকাল সন্ধেয় চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল কর্মী শেখ মফিজুল। অভিযোগ, বাইকে চড়ে এসে ৮-১০ জন দুষ্কৃতী মফিজুলকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত মফিজুল এলাকায় যুব তৃণমূল নেতা লাল্টু খানের অনুগামী বলে পরিচিত। মৃত্যুকালীন জবানবন্দিতে মফিজুলের দাবি, লাল্টু খানের অনুগামী হওয়ায় তাঁর ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতা শেখ তাইবুলের অনুগামীরা। আজ সকালে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান আরামবাগের তৃণমূল পর্যবেক্ষক দিলীপ যাদব। অন্যদিকে, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের দাবি, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা খুনের ঘটনার সঙ্গে জড়িত। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।