তারকেশ্বরে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2019 12:34 PM (IST)

হুগলির তারকেশ্বরে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার ২ বিজেপি কর্মী। মুক্তির দাবিতে থানা ঘেরাও, পথ অবরোধ বিজেপির। অভিযোগ, গতকাল তারকেশ্বর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করে বিজেপি কর্মীরা। এক মহিলা সহ ৪ জন তৃণমূল কর্মী আহত হন। হামলাকারীরা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা। যদিও ঘটনায় ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে আজ সকাল ৯টা থেকে তারকেশ্বর থানা ঘেরাও ও থানার সামনে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা।