নাগরাকাটায় সেতুর একাংশ ভেঙে আটকে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2018 03:39 PM (IST)

জলপাইগুড়ির নাগরাকাটায় সেতুর একাংশ ভেঙে বিপত্তি। আটকে গেল গাড়ি। অল্পের জন্য রক্ষা যাত্রীদের। নাগরাকাটা থেকে খেরকাটা গ্রামে যাওয়ার একটিমাত্র সেতু রয়েছে। গতকাল বিকেলে জেলা পরিষদের এই সেতুটির মাঝের অংশ ভেঙে বসে যায়। নাথুয়া থেকে খেরকাটা যাওয়ার পথে, একটি গাড়ি সেতুর মাঝখানে আটকে পড়ে। চাকা ঢুকে যায় গর্তে। কোনক্রমে নেমে পড়েন চালক ও যাত্রীরা। এখনও পর্যন্ত গাড়িটিকে তোলা সম্ভব হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরেই এই সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। দ্রুত সেতু মেরামতির আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।